খেলাধুলা ৬ নভেম্বর, ২০১৯ ০১:৩১

সাকিব ইস্যুতে বিসিবি প্রধানের সাফ জবাব

স্পোর্টস ডেস্ক।। 

বুধবার (৬ নভেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানান, সাকিবের শাস্তি কমানোর বিষয়ে আসলে বিসিবির আর কিছুই করার নেই। বিসিবি চাইলে আর উদ্যোগী হলেও শাস্তি কমানো সম্ভব নয়। বরং হিতে বিপরীত হতে পারে। তবে সাকিব আল হাসান নিজে উদ্যোগ নিলে বিসিবি তাকে সর্বোচ্চ সহযোগিতা করবে।

তিনি বলেন, সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় আমিও ব্যথিত। এরচেয়ে বেশি ব্যথিত হওয়ার কিছু হতে পারে, তা আমার জানা নেই। সাকিবের মতো খেলোয়াড় আমরা পাবো কিনা জানি না। সাকিব খেলতে না পারার মতো হতাশ আর কেউ হতে পারে না।

এর আগে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছিলেন, সাকিবের ইস্যুতে বোর্ডের করণীয় খুব সীমিত হলেও, যথাসম্ভব চেষ্টা করবেন তারা। যদি কোনো সুযোগ থেকে থাকে, অবশ্যই সেটি কাজে লাগানোর চেষ্টা করবে বোর্ড।

প্রসঙ্গত, সাকিব আল হাসানকে সবধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুই বছরের মধ্যে এক বছর পুরোপুরি নিষিদ্ধ, আর বাকি ১ এক বছর স্থগিত নিষেধাজ্ঞা অর্থাৎ খেলতে পারবেন কিন্তু আবারও অপরাধ করলে শাস্তি পেতে হবে।