স্পোর্টস ডেস্ক
স্যার ডন ব্র্যাডমানের অভিষেক টেস্টের সেই বিখ্যাত ব্যাগি গ্রিন ক্যাপটি বিক্রি হয়েছে সাড়ে ৪ লাখ অস্ট্রেলিয়ান ডলারে। যা বাংলাদেশি টাকায় আড়াই কোটি টাকারও বেশি। ক্যাপটি কিনে নিয়েছেন ব্যবসায়ী পিটার ফ্রিডম্যান।
১৯২৮ সালে অস্ট্রেলিয়ার পক্ষে টেস্ট অভিষেক হয়েছিল ইতিহাসে প্রায় একশ (৯৯.৯৪) গড় রেখে ক্যারিয়ার শেষ করা ব্র্যাডমানের। ওই টেস্টেই যে ক্যাপ পেয়েছিলেন, সেটি ১৯৪৯ সালে অ্যাডিলেডে প্রতিবেশি ও পারিবারিক বন্ধু পিটার ডানহ্যামকে উপহার দিয়েছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। ১০ লাখ ডলার প্রতারণার দায়ে চলতি বছরের মে মাসে আট বছরের জেল হয় ডানহ্যামের। এরপরই ডন ব্র্যাডমানের সেই ঐতিহাসিক ক্যাপটি নিলামে তোলার সিদ্ধান্ত হয়।
অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, সাড়ে ৪ লাখ অস্ট্রেলিয়ার ডলারে বিক্রি হওয়া পর, ব্র্যাডম্যানের এই ক্যাপ এখন দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেট স্মারক। এই বছরের শুরুতে আরেক অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নের ব্যাগি গ্রিন ক্যাপ বিক্রি হয়েছিল ১০ লাখ ৭ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলারে। দাবানলে ক্ষতিগ্রস্থদের সহায়তায় ওই অর্থ দান করেছিলেন ওয়ার্ন।






















