খেলাধুলা ২ নভেম্বর, ২০২০ ১১:০১

দর্শক ছাড়া ধোনির বিদায় নয়- ভন

স্পোর্টস ডেস্ক

ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল ম্যাচে বিশেষ কিছুর কল্পনা করছেন মাইকেল ভন। সাবেক ইংল্যান্ড অধিনায়কের মতে, দর্শক ছাড়া আইপিএল থেকে ধোনির বিদায় সম্ভব নয়।

এবার আইপিএল চলছে সংযুক্ত আরব আমিরাতে, দর্শকশূন্য মাঠে। ধোনির বয়স ও বাজে ফর্ম মিলিয়ে অনেকের ধারণা ছিল, এবারই হয়তো তার শেষ আইপিএল। কিন্তু এবারের আসরে চেন্নাই সুপার কিংসের শেষ ম্যাচের আগে রোববার ধোনি জানিয়ে দেন, এটি নিশ্চিতভাবেই তার শেষ নয়।

করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হলের পরের আইপিএলও হতে পারে সংযুক্ত আরব আমিরাতেই। তখনও খেলা হতে পারে দর্শক ছাড়া মাঠে। সত্যিই সেরকম হলে প্রয়োজনে পরের আইপিএলেও খেলা উচিত ধোনির, ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে বললেন ভন।

“ পরের আইপিএলও যদি সংযুক্ত আরব আমিরাতে হয়, ধোনিকে আরও এক বছর খেলতে হবে। দর্শক ছাড়া তার আইপিএল ক্যারিয়ার শেষ হতে পারে না। পরের বছর প্রয়োজনে একটি ম্যাচ হলেও তাকে খেলতে হবে। তবে আমি চাই, তার শেষ ম্যাচে অনেক দর্শক থাকুক। দর্শকদের ভালোবাসা নিয়ে অবসর নেওয়া তাঁর প্রাপ্য।”