আন্তর্জাতিক ৪ নভেম্বর, ২০১৯ ০৫:৫১

শ্রীলংকার বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে চাইনিজ রোবট!

ডেস্ক রিপোর্ট।।

দ্বীপরাষ্ট্র শ্রীলংকার প্রধান বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের উপহার দেয়া দুটো ‘রোবট ইন্সপেকশান’ কুকুর মোতায়েন করা হয়েছে, যেগুলোর কাজ হলো বিস্ফোরক ও অবৈধ মাদকের সন্ধান দেয়া। রোববার পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশের মিডিয়া মুখপাত্র রুয়ান নেসেকারা বলেছেন, শ্রীলংকায় অবৈধ মাদক চিহ্নিত করতে এটাই প্রথমবারের মতো রোবট ব্যবহার করা হচ্ছে।

পুলিশ ন্যারকোটিক্স ব্যূরো এই রোবটগুলো পরিচালনা করবে। রোবট দুটোর একটি আগমনী টার্মিনাল এবং অন্যটি নির্গমন টার্মিনালে পূর্ণ ২৪ ঘন্টার জন্য মোতায়েন করা থাকবে।

এই রোবটগুলো পাঁচ মিটার রেঞ্জের মধ্যে লুকানো বিস্ফোরক এবং মাদক চিহ্নিত করতে সক্ষম।

২১ এপ্রিল শ্রীলংকার বিলাসবহুল হোটেল ও চার্চে সন্ত্রাসী হামলার পর চীন এই রোবটগুলোসহ ৭৫০ মিলিয়ন রুপির নিরাপত্তা সরঞ্জাম দিয়েছে শ্রীলংকাকে।

শ্রীলংকার প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা দেশের অবৈধ মাদক বাণিজ্যের বিরুদ্ধে ষাঁড়াশি অভিযান পরিচালনার জন্য নীতি গ্রহণ করেছেন।