জাতীয় ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৫১

বাংলাদেশের ৯১ ভাগ মানুষ গণতন্ত্রের পক্ষে: ওপেন সোসাইটি জরিপ

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক : সম্প্রতি বেশ কিছু দেশকে নিয়ে জরিপ করেছে ওপেন সোসাইটি ফাউন্ডেশন নামের যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা। এতে বাংলাদেশসহ ৩০টি দেশের ৩৬ হাজার ৩৪৪ জনের অংশগ্রহণে জরিপটি করা হয়েছে। প্রতিটি দেশে গড়ে ১ হাজার জন জরিপে অংশ নেন। 

এই জরিপে উঠে আসে, বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক শাসনের পক্ষে। জনগণ নাগরিক ও রাজনৈতিক অধিকার চান। মানবাধিকারকে বিশ্বের কল্যাণের জন্য একটি বড় শক্তি হিসেবে মনে করেন এ দেশের বেশির ভাগ নাগরিক। 

৩০ দেশে পরিচালিত এ জরিপে উত্তরদাতাদের প্রায় সবাই বলেছেন, গণতন্ত্র খুব জরুরি। গণতান্ত্রিক শাসনের পক্ষে সর্বোচ্চ মতামত এসেছে ইথিওপিয়া থেকে। সেদেশের ৯৬ ভাগ উত্তরদাতা বলেছেন, গণতন্ত্র খুব গুরুত্বপূর্ণ। আর বাংলাদেশের ৯১ ভাগ উত্তরদাতা গণতন্ত্রের পক্ষে বলেছেন। 

জরিপের ফলাফলে দেখা যায়, ৮৬ ভাগ মানুষ বলেছেন, তারা গণতান্ত্রিক ব্যবস্থায় থাকতে চান। অন্যদিকে ২০ শতাংশ মানুষ মনে করেন, কর্তৃত্ববাদী সরকারই পারে জনগণের প্রত্যাশা পূরণ করতে। 

আবার ১৮ থেকে ২৫ বছরের তরুণদের মধ্যে ৫৭ ভাগ গণতন্ত্রের পক্ষে। যদিও একই জরিপে জানা গেছে, গনতন্ত্রের প্রতি তরুণদের বিশ্বাস তলানিতে এসে ঠেকেছে। তাদের অনেকে কর্তৃত্ববাদী সরকারের পক্ষে, এমননি সামরিক সরকার হলেও তাদের আপত্তি নেই।  

জরিপে অংশ নেওয়া ৩০ দেশের মধ্যে ২২টিতেই রাজনৈতিক অস্থিরতা নিয়ে ৫৮ শতাংশ মানুষ উদ্বেগ প্রকাশ করেছে। তারা আগামী বছর এসব দেশে সহিংসতার আশঙ্কা করছে। যুক্তরাষ্ট্রে এই আশংকা প্রকাশ করেছেন ৬৭ ভাগ মানুষ। 

মার্কিন সংস্থা ওপেন সোসাইটি ফাউন্ডেশন বাংলাদেশসহ ৩০টি দেশে এই জরিপ পরিচালনা করে। বিশ্বের সব ধরনের ভৌগলিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার প্রতিনিধিত্ব করে, এমন ভাবে দেশগুলোকে বাছাই করা হয়েছে। আর এই দেশগুলোর সম্মিলিত জনসংখ্যা ৫৫০ কোটি। 

দেশগুলো হচ্ছে বাংলাদেশ, সেনেগাল, পাকিস্তান, তিউনিসিয়া, মিশর, ইথিওপিয়া, কলাম্বিয়া, মেক্সিকো, ঘানা, ব্রাজিল, আর্জেন্টিনা, ভারত, সংযুক্ত আরব আমিরাত, কেনিয়া, সৌদি আরব, শ্রীলঙ্কা, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, ইটালি, মালয়েশিয়া, ফ্রান্স, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, পোলান্ড, জাপান, রাশিয়া ও ইউক্রেন। 

 

রাজনৈতিক সহিংসতার আশঙ্কায় মানুষ

আগামী বছর দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে সহিংসতার আশঙ্কা করেন কি না, জরিপে উত্তরদাতাদের কাছে প্রশ্ন ছিল। জবাবে বাংলাদেশের ৭০ শতাংশ উত্তরদাতা সহিংসতার আশঙ্কা করেছেন। হারটি সবচেয়ে বেশি কেনিয়া ও দক্ষিণ আফ্রিকায়—৭৯ শতাংশ।

 

গণতন্ত্র না কর্তৃত্ববাদ, কার্যকর কোনটি

জলবায়ু পরিবর্তন রোধ করা, সড়ক ও সেতু তৈরি, হাসপাতাল তৈরি, স্কুল প্রতিষ্ঠা, পরিবেশ রক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনীতিকে এগিয়ে নেওয়া, অপরাধ দমন,জনগণের প্রত্যাশা পূরণ, যুদ্ধে জেতা এবং অন্যান্য ক্ষেত্রে কর্তৃত্ববাদী ব্যবস্থা গণতন্ত্রের চেয়ে দক্ষ—এই বিশ্বাসের সঙ্গে একমত কি না, জানতে চাওয়া হয়েছিল উত্তরদাতাদের। বেশির ভাগ উত্তরদাতা বলেছেন, তাঁরা একমত নন।

এমনকি যেসব দেশে কর্তৃত্ববাদের প্রতি সহানুভূতিশীল মানুষ বেশি, সেসব দেশের মানুষও কর্তৃত্ববাদের পারদর্শিতা নিয়ে সন্দেহ পোষণ করেছেন। সড়ক ও সেতু নির্মাণে কর্তৃত্ববাদী ব্যবস্থা দক্ষ—এই বিশ্বাসের সঙ্গে একমত নন ৭৯ শতাংশ উত্তরদাতা।


আমাদেরকাগজ/এমটি