আমাদের কাগজ রিপোর্ট: এরই মধ্যে বাংলাদেশ মেট্রোরেল যুগে প্রবেশ করেছে। এটি উড়ালপথে চলছে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত। এবার হবে দ্বিতীয় মেট্রোরেল, যা বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ২০ কিলোমিটার রেললাইন মাটির নিচে নির্মিত হবে। এটিই মেট্রোরেলের প্রথম পাতাল যাত্রা। মাটির নিচ দিয়ে চলবে বলে এটি পাতালরেল নামে পরিচিতি পাচ্ছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এই পাতালরেল নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় বেলা ১১টায় এর উদ্বোধন হবে।
আজ মঙ্গলবার ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক সাংবাদিকদের এসব তথ্য জানান।
দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেলের ভৌত কাজের উদ্বোধন উপলক্ষে এ মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
বিফ্রিংয়ে এম এ এন সিদ্দিক জানান, দেশের প্রথম মেট্রোরেল গতকাল সোমবার পর্যন্ত মোট ৩ লাখ ৩৫ হাজার যাত্রী পরিবহন করেছে। এতে মেট্রোরেল কর্তৃপক্ষ মোট ২ কোটি ৪৬ লাখ টাকা আয় করেছে।
গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধন করেন।
বর্তমানে রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত সীমিত পরিসরে চলছে মেট্রোরেল।
আমাদের কাগজ/টিআর



















