জাতীয় ১৬ ডিসেম্বর, ২০২০ ১০:৪৭

‘রাজনৈতিক এজেন্ডা নিয়ে ফতোয়াবাজরা মাঠে নেমেছে’

নিজস্ব প্রতিবেদক

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, তথাকথিত ফতোয়াবাজরা আবার মাঠে নেমেছে, তাদের রাজনৈতিক এজেন্ডা আছে।

‘তথাকথিত ফতোয়াবাজদের শুধু প্রতিরোধ নয়, নির্মূল করা হবে’

বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নৌ-পরিবহন মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএ ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় তিরি বলেন, তারা বিভ্রান্তিমূলক ফতোয়া দিয়ে বাংলাদেশকে বিপথগামি করতে চান। তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য, শহীদ মিনার স্মৃতিসৌধ নিয়ে ঔদ্ধত্যপূর্ণ কথা বলেন। তাদের কথাবার্তা কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

প্রতিমন্ত্রী আরো বলেন, জিয়া-এরশাদ মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুকে ধারণ করতে পারেনি বলে বাংলাদেশ এগিয়ে যেতে পারেনি। বর্তমান আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুকে ধারণ করে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুকে হত্যা করার পরে জিয়া, এরশাদ, খালেদা জিয়ারা অনেকভাবে চেষ্টা করেছে ইতিহাসকে পাল্টে দেওয়ার। তারা পাকিস্তানের ভাবধারায় দেশ পরিচালিত করেছে।

তারা মুক্তিযুদ্ধের চেতনা দেশকে ক্ষত-বিক্ষত করেছে। তারা মুক্তিযুদ্ধের নায়কের জায়গায় খলনায়ককে বসানোর চেষ্টা করেছে। স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের হাতে পতাকা তুলে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত দিয়েছিল। ইতিহাসকে অন্য ধারায় পাল্টে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু পারেন নাই।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী দূরদর্শী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। করোনা মহামারিতেও উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হয়নি। পদ্মা সেতু এখন দৃশ্যমান। সব ষড়যন্ত্র চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রধানমন্ত্রী নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মাণ করে দেশকে বিশ্বের কাছে মর্যাদার আসনে নিয়ে গেছেন। মাতারবাড়ী সমুদ্র বন্দর, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, চারলেন-ছয়লেনের মহাসড়ক, মেট্রোরেল এক্সপ্রেস ওয়ে নির্মাণ কার্যক্রম দেশরত্ন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে চলছে।