সারাদেশ ৬ জুন, ২০২৬ ০৮:০৯

বরগুনায় বাসচাপায় শ্যালক ও দুলাভাই নিহত

জেলা প্রতিনিধি
বরগুনার আমতলীতে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলে থাকা মো. সজীব ও সাইফুল ইসলাম নামে দুই আরোহী নিহত হয়েছেন। তারা সম্পর্কে শ্যালক ও দুলাভাই। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আসাদুল ইসলাম নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) রাত ৮টার দিকে আমতলী উপজেলার পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সজিব তার দুই শ্যালককে মোটরসাইকেলে নিয়ে পটুয়াখালী থেকে কলাপড়ার উদ্দেশে আসছিলেন। এ সময় আমতলী উপজেলার পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া নামক এলাকায় পৌঁছালে কুয়াকাটা থেকে ছেড়ে আসা সম্রাট পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থল থেকে সজিবকে মৃত উদ্ধার করা হয়। এ ছাড়া, অপর দুই মোটরসাইকেল আরোহী সজিবের শ্যালককে গুরুতর আহত অবস্থায় পটুয়াখালী হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলামের মৃত্যু হয়।

আমতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. হানিফ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে সজীব নামের একজনকে মৃত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া, মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ বলেন, ঘটনার পর ঘাতক বাসের চালক এবং হেলপার পালিয়ে গেছে। তবে বাসটিকে আটক রাখা হয়েছে।