প্রবাসের কথা ২৫ আগস্ট, ২০১৯ ০১:০৫

ইতালির মিলানে দুই বাংলাদেশী ভাইয়ের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক ।। 

ইতালির মিলান শহরের বাজ্জিও নামক এলাকায় আব্দুল হাই (৪১) এবং জমির উদ্দিন (৩৮) নামের দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। রবিবার (১৮ আগস্ট) সকালে বাসা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের ভবনের পাশের বিল্ডিংয়ে অবস্থান করা একজন শ্রীলঙ্কান নাগরিক গলায় ফাঁস দেওয়া মৃতদেহটি দেখতে পান। জরুরি বিভাগে জানানোর সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ এসে ঘর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে। ঝুলে থাকা মৃতদেহসহ আরেকজনের লাশ ছিল রক্তাক্ত। বারান্দার সামনে থেকে উদ্ধার করা হয়েছে একটি রক্তমাখা ছুরি। 

প্রতিবেশিরা জানান, ভবনের সেই কক্ষ থেকে রাত আড়াইটার দিকে চিৎকার-চেঁচামেচির শব্দ শোনা গেলেও কিছু সময় পর সবকিছু নীরব হয়ে যায়। 

এই ঘটনার কয়েকদিন আগে তাদের আরেক ভাই মিলানের ছেস্ত সানজোভান্নি এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান। তার মৃত্যুর পর থেকেই দুই ভাইয়ে প্রায় সময়ই ঝগড়া বিবাদ লেগে থাকত। ছোট ভাই জমির লিপ্ত ছিল মদপানসহ অনৈতিক কাজে। বড় ভাই অনেক চেষ্টা করেও তাকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারেননি। পুলিশ ধারণা করছে এই সকল বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদের এক পর্যায়ে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হন। পরবর্তীতে ছোট ভাই নিজেও আত্মহত্যা করেন।