আইন ও আদালত ৪ ডিসেম্বর, ২০২৩ ১১:৪৩

মির্জা ফখরুলের জামিন শুনানি হতে পারে আজ 

আমাদের কাগজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাইকোর্টে চাওয়া জামিনের শুনানি পারে আজ। সোমবারের (৪ ডিসেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় আবেদনটি ৭৯২ নম্বর ক্রমিকে রয়েছে। বিএনপির আইনজীবীরা রোববার (৩ ডিসেম্বর) সকালে হাইকোর্টে জামিন আবেদন করেন।

এর আগে প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুরের মামলায় জেলে যেতে হয় তাকে। 

এর আগে, গত ২২ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালত মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর করেন। তার আগে গত ২০ নভেম্বর জামিন শুনানির দিন ধার্য ছিল। তবে ওইদিন সময়ের আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে আদালত শুনানি পিছিয়ে ২২ নভেম্বর তারিখ নির্ধারণ করেন।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ শুরুর আগে প্রধান বিচারপতির বাসভবনের সামনে বিএনপির নেতাকর্মীরা গাছের ডাল ভেঙে ও হাতের লাঠি দিয়ে নামফলক, গেটে হামলা চালানো হয়। আসামিরা ভেতরে ইটপাটকেল ছুড়তে থাকে। এ ঘটনায় মির্জা ফখরুলসহ ৫৯ বিএনপির নেতার বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা করা হয়।

এরপর ২৯ অক্টোবর সকালে মির্জা ফখরুলকে তার গুলশানের বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। 

অন্যদিকে ফখরুলের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আমাদরেকাগজ/এমটি