আইন ও আদালত ৪ ডিসেম্বর, ২০২৩ ১১:০৯

আপিল বিভাগে নিঃশর্তে

ক্ষমা চাইলেন সুরক্ষা সচিব ও আইজি প্রিজন্স 

আমাদের কাগজ ডেস্ক: আদালতের আদেশ বাস্তবায়ন না করায় আপিল বিভাগের নিকট ক্ষমা প্রার্থনা করেছেন আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।

এ সময় পূর্ণাঙ্গভাবে আদেশ বাস্তবায়নের জন্য ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন আদালত। 

এর আগে আজ সোমবার ৪ ডিসেম্বর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চে হাজির হয়ে তারা ক্ষমা প্রার্থনা করেন। আর আপিল বিভাগ তাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি জানান। তবে ৪ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি হবে।

এর আগে গত ২০ নভেম্বর আদালতের আদেশ বাস্তবায়ন না করায় আইজি প্রিজন্স ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিবকে তলব করেন আপিল বিভাগ। তারা হলেন– আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

সেদিন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. ইব্রাহিম খলিল। বিবাদীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম।

পরে ব্যারিস্টার ইব্রাহিম খলিল বলেন, গত বছরের ৭ এপ্রিল আপিল বিভাগ রিভিউ আবেদনের রায়ে ছয় জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে সিনিয়র জেল সুপার পদে পদোন্নতি দেওয়ার নির্দেশ দেন। এ ছয় জন হলেন– মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া, ইকবাল কবির চৌধুরী, মো. আনোয়ারুজ্জামান, মনির আহমেদ, মো. বজলুর রশিদ আকন্দ ও মো. নুরুননবী ভূঁইয়া।

দেড় বছর পেরিয়ে গেলেও আপিল বিভাগের রায় বাস্তবায়ন না করায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী ও আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হকের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়। 

এ আবেদনের শুনানি নিয়ে গত ৬ নভেম্বর পদোন্নতির রায় বাস্তবায়নের জন্য বিবাদীদের দুই সপ্তাহ সময় দেন আপিল বিভাগ।

আইনজীবী জানান, দুই সপ্তাহ পার হয়ে যাওয়ায় এ বিষয়ে শুনানি হয়েছে। শুনানিতে বিবাদীদের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, আবেদনকারীদের পদোন্নতি দেওয়ার সুযোগ নেই। শুনানি শেষে আপিল বিভাগ তাদের তলব করেন

আমাদরেকাগজ/এমটি