আইন ও আদালত ৬ জুলাই, ২০২৩ ০৩:২৯

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ডা. সংযুক্তা সাহার বিরুদ্ধে মামলা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: সেন্ট্রাল হাসপাতাল কান্ডে সংবাদ সম্মেলনে মানহানিকর বক্তব্য দেওয়া নিয়ে অভিযোগ তুলে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ডা. সংযুক্তা সাহার বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে হাসপাতালের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ মঞ্জুরুল হক এ মামলা করেন। এর আগে, গত ২২ জুন বক্তব্য প্রত্যাহার চেয়ে সংযুক্তা সাহাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, সংবাদ সম্মেলনে সেন্ট্রাল হাসপাতালে মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের চিকিৎসা নিয়ে বেশ কিছু মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন ডা. সংযুক্তা সাহা। আঁখি তার রোগী নন এবং হাসপাতাল তার সম্পর্কে মিথ্যা বিবৃতি দিয়েছে উল্লেখ করেছেন।


তিনি অভিযোগ করেছেন যে, হাসপাতাল তার কাছ থেকে কোনো সম্মতি নেয়নি এবং প্রশ্ন তোলেন যে অপারেশনের সময় তিনি উপস্থিত না থাকলে কীভাবে এই ঘটনার জন্য তাকে দায়ী করা যেতে পারে। এসব বক্তব্য শুধু ভিত্তিহীনই নয়, হাসপাতালের সুনামও ক্ষুণ্ন করছে।

এতে বলা হয়, হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শ ছাড়াই তার বাসভবনে একটি সংবাদ সম্মেলন করেন সংযুক্তা। সেই সাথে তিনি শর্তাবলি লঙ্ঘন করেছেন এবং এমনভাবে কাজ করেছেন যা হাসপাতালের ব্র্যান্ড এবং সুনামকে ক্ষতিগ্রস্ত করেছে বলে দাবি করছে তারা। 

উল্লেখ্য, গত ৯ জুন সেন্ট্রাল হাসপাতালে সি-সেকশন সার্জারির সময় এক নবজাতকের মৃত্যু হয় এবং মায়ের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। ঘটনার পর সোমবার মাহবুবা রহমান আঁখি অপর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আঁখির স্বামী ইয়াকুব আলী চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা ও মিথ্যাচারের অভিযোগ এনে গত বুধবার ধানমন্ডি থানায় মামলা করেন।

আমাদেরকাগজ/এমটি