আমাদের কাগজ ডেস্ক: বরগুনার তালতলীতে দাখিল পরীক্ষায় বই কেটে নকল সরবরাহের অভিযোগ পাওয়া গেছে। এ সময় শিক্ষকসহ ১০ জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৭ মে) উপজেলার সালেহিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, আমতলী উপজেলার বালিয়াতলী দাখিল মাদরাসার সমাজ বিজ্ঞানের শিক্ষক জামাল উদ্দিন ও জুনিয়র শিক্ষক (বাংলা) মো. মনোয়ার হোসেন, তালতলী উপজেলার কড়ইবাড়িয়া এতিম মঞ্জিল মাদরাসার ইবতেদায়ি শিক্ষক মো. নাজমুল ও সহকারী শিক্ষক (গণিত) মোছা. ফাহিমা, অভিভাবক ফজিলা (৪০), মো. কামাল (২৫), জাকিরতবক গ্রামের সাফা মনি (১৭), বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া গ্রামের শাহ নওয়াজ (২৩), বালিয়াতলী গ্রামের ইয়ামিন (১৮) ও বালিয়াতলী গ্রামের মো. ওবায়দুল্লাহ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দেওয়ার আদেশ দিয়েছেন। তিনি বলেন, পরীক্ষা চলাকালে কেন্দ্রের পাশেই একটি বাসা থেকে বই কেটে নকল সরবরাহ করা হচ্ছিল। এ সময় তাদের আটক করা হয়েছে। এখানে সব মিলিয়ে অনেক অনিয়ম হয়েছে। তাই ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া সম্ভব হয়নি। এ জন্য নিয়মিত মামলা নেওয়ার জন্য থানায় বলা হয়েছে।
তিনি জানা, যারা পালিয়ে গেছেন বা যারা নকলের সঙ্গে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। তাদের আগামীকাল আদালতে হাজির করা হবে।
আমাদের কাগজ/এমটি






















