আইন ও আদালত ৩০ এপ্রিল, ২০২৩ ১০:০৫

তরুণীকে ধর্ষণচেষ্টা মামলায় ওসি মিজান কারাগারে

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় এক তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় পুলিশ পরিদর্শক (ওসি) মিজানুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার, ৩০ এপ্রিল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক ফেরদৌস আরা এ আদেশ দেন। মিজানুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) ছিলেন। তবে তিনি ওসি মিজান হিসেবে পরিচিত।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১২ জুলাই নগরের ফয়সলেক এলাকা থেকে ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ও তার বন্ধুকে তুলে নিয়ে যান পুলিশ পরিদর্শক মিজানুর রহমান। এরপর মেয়েটিকে তিনি চকবাজারে একটি হোটেলে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় ওই বছরের ১৬ জুলাই নগরের পাঁচলাইশ থানায় মামলা করেন মেয়েটির বাবা হুমায়ূন কবির।

অভিযোগ ওঠার পর পরিদর্শক মিজানকে বরখাস্ত করা হয়। ঘটনার পর প্রায় সাড়ে তিনমাস পলাতক ছিলেন তিনি। ২০১১ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে তাকে জেলহাজতে পাঠান বিচারক। উচ্চ আদালতের আদেশে ২০১২ সালের জুলাই মাসে জামিনে মুক্তি পান তিনি। আজ তাকে আবার কারাগারে পাঠালেন আদালত।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন বলেন, মামলাটি বিচারাধীন। আজ যুক্তিতর্কের দিন ধার্য ছিল। এদিন আদালতে উপস্থিত হলে ওসি মিজানকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আমাদেরকাগজ / এইচকে