আমাদের কাগজ ডেস্কঃ সাংবাদিক শামসুজ্জামান শামসকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।এর আগে, গতকাল ভোর ৪টায় সাভারের বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায় শামসুজ্জামানকে। পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে তাকে আদালতে পাঠানো হয়। এরপর বেলা আড়াইটার দিকে তাকে আদালতে তোলা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডেপুটি কমিশনার মো. শহিদুল্লাহ।
এরও আগে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে ডিজিটাল নিরাপত্তা আইনে রমনা থানায় দায়ের করা হয়।
প্রসঙ্গত, স্বাধীনতা দিবসে করা একটি প্রতিবেদনকে কেন্দ্র করে সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে বুধবার (২৯ মার্চ) রাতে অ্যাডভোকেট আবদুল মশিউর মালেক নামের এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর রমনা থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী ক্যামেরাম্যান এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
এদিকে শামসুজজামানকে আদালতে উঠানোর পর তাকে কারাগারে পাঠানোর আবেদন করেছে পুলিশ। অন্যদিকে তার আইনজীবী দুই মামলায় জামিন চেয়েছেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩২ মিনিটে তেজগাঁও থানায় শামসের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া। এটি রাত সোয়া ২টায় মামলা হিসেবে রুজু হয়।
আমাদের কাগজ/এমটি






















