আইন ও আদালত ৭ নভেম্বর, ২০২২ ০৪:৩১

জামিন পেলেন কাজী এরতেজা হাসান

নিজস্ব প্রতিবেদক: দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের জামিন মঞ্জুর করেছেন আদালত। এর আগে জালিয়াতি ও প্রতারণার মামলায় গ্রেফতার হন তিনি।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত সোমবার (৭ নভেম্বর) শুনানি শেষে এরতেজা হাসানের জামিন মঞ্জুর করেন। উভয় পক্ষের শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় আগামী ১ ডিসেম্বর পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হয়। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক সেলিম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১ নভেম্বর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল তাকে গ্রেপ্তার করে। পর দিন ২ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

চলতি বছরের ১০ জানুয়ারি রাজধানীর খিলক্ষেত থানায় আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের ভাই সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আসামিরা হলেন, নর্দার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী। ওই মামলার তদন্ত করতে গিয়ে জালিয়াতিতে ড. এরতেজার সংশ্লিষ্টতা পায় পুলিশ। মঙ্গলবার গুলশানের অফিস থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআিইয়ের একটি দল।

আমাদের কাগজ//জেডআই