নিজস্ব প্রতিবেদক: প্রতারণার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের জামিন নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন তার জামিন নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
বুধবার (২৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন।
তিনি বলেন, ১৯ অক্টোবর মামলার চার্জশিট গ্রহণের জন্য দিন ধার্য ছিল। ওইদিন শামীমা আদালতে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে আগামী ২২ জানুয়ারি মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেন আদালত।
উল্লেখ্য, ডিজিটাল মিডিয়ার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর আলমগীর হোসেন নামে এক গ্রাহক বাদী হয়ে বাড্ডা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে রাসেল ও শামীমার বিরুদ্ধে মামলা করেন।
আমাদেরকাগজ/এইচএম






















