ডেস্ক রিপোর্ট।।
হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হাকিম মো. ইউছুফ হারুণ ভূঁইয়াকে অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন-দুদক। বৃহস্পতিবার, সকাল দশটা থেকে দুদকের সহকারী পরিচালক সাইফুজ্জামান তাকে জিজ্ঞাসাবাদ করছেন।
ওয়াক্ফ প্রতিষ্ঠান হামদর্দ থেকে কোটি কোটি টাকা বিভিন্ন কৌশলে আত্মসাৎ করেছেন বলে হারুনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এসব অভিযোগ পাওয়ার পর দুদক প্রাথমিভাবে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।
এর আগে, ১১ই জুন তাকে তলব করে দুদক। তবে, সে সময় নানা অজুহাতে দুদকে হাজির হননি তিনি। কয়েকদফা তলব করার পর আজ দুদকে হাজির হন ইউছুফ হারুণ। ইউছুফ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ধর্ম মন্ত্রণালয়ও। এছাড়া বিভিন্নভাবে কারসাজি করে নিজের দুই ছেলে ও এক মেয়েকে হামদর্দের পরিচালক পদে নিয়োগ দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
তার বিরুদ্ধে সম্প্রতি এক বিবাহিত নারীকে ফুসলিয়ে বিয়ে করার অভিযোগে লক্ষ্মীপুরে মামলা করেন ঐ নারীর স্বামী। এদিকে, স্বাধীনতা বিরোধী কর্মকান্ডের কারণে ইউছুফ হারুণের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করা হয়েছে।






















