ডেস্ক রিপোর্ট
পিরোজপুরের কাউখালীতে মায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে নেশাগ্রস্ত ছেলেকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথির ভ্রাম্যমাণ আদালত চাঁন হাওলাদরকে(২২) এ কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত চাঁন হাওলাদার উপজেলার চিড়াপাড়া পাড়সাতুরিয়া ইউনিয়নের নিলতী গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে।
জানা যায়, দণ্ডপ্রাপ্ত মা হেলেনা বেগমের কাছে মাদকাসক্ত যুবক চাঁন প্রায়ই মাদক ক্রয়ের জন্য টাকা দাবি করতেন। টাকা না দেওয়ায় চাঁন তার মাকে মারধর করতেন। এ বিষয়ে শনিবার সকালে মা হেলেনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা খাতুন রেখার কাছে অভিযোগ দেন। পরে তিনি বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওইদিন ওই বাড়িতে গিয়ে মায়ের দেওয়া অভিযোগের সত্যতা পান। পরে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকাসক্ত ছেলেকে এক বছরের কারাদণ্ড দেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা খাতুন রেখা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় চাঁন হাওলাদারকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।






















