লাইফ স্টাইল ৩ ডিসেম্বর, ২০২২ ০৭:০০

বাসার রান্নাঘর পরিপাটি রাখবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক: রান্নাঘর এলোমেলো থাকলে রান্নার কাজ মন বসে না। হাতের কাছে প্রয়োজনের সময় কিছু না পাওয়াটা যেমন বিড়ম্বনার, তেমনি রান্নাঘরের আঠালো দেয়াল ও নোংরা যথেষ্ট অস্বস্তিকর। চলুন জেনে নেই কীভাবে পরিপাটি রাখবেন বাসার রান্নাঘর।

  1. মেয়াদ চলে গেছে এমন আটা, ময়দা বা অন্যান্য খাদ্য সামগ্রী ফেলে দিন।রান্নাঘর থেকে অপ্রয়োজনীয় সবকিছু সরিয়ে ফেলুন। শখের বশে কেনা হয়েছে কিন্তু কখনও ব্যবহার করা হয়নি এবং ব্যবহারের সম্ভাবনাও কম- এমন সরঞ্জামও সরিয়ে ফেলুন।
  2. নিত্যদিন রান্নার কাজে ব্যবহৃত হয় এমন মসলা ও সরঞ্জাম হাতের কাছাকাছি কোনও র‍্যাকে সাজিয়ে রাখুন। হাত বাড়ালেই পাওয়া যায় এমন দূরত্বে মসলার বয়াম বা এগ বিটারের মতো জিনিসগুলি রাখলে সময় বাঁচবে রান্নার সময়। 
  3. বয়ামে মসলার নাম লিখে রাখুন। 
  4. একই ধরনের খাবার ও সরঞ্জাম একসাথে রাখবেন। যেমন সব ধরনের ছুরি বা চামচ একই স্থানে রাখা বা মসলার বয়াম একসঙ্গে সাজিয়ে রাখা।
  5. কোনও দেয়াল খালি থাকলে সেটা কাজে লাগাতে পারেন। দেয়ালে হুক আটকে ঝুলিয়ে দিন ফ্রাই প্যান, ছুরি বা খুন্তি। দেয়ালে ভাসমান তাক রেখে উপরে রাখতে পারেন প্রয়োজনীয় কিছু।
  6. কেবিনেট বা ড্রয়ার রাখুন। এতে জিনিসপত্র যেমন গুছিয়ে রাখা সহজ হবে, তেমনি দেখতেও লাগবে ছিমছাম।
  7. কিছুদিন পরপরই রান্নাঘরের দেয়াল ও টাইলস তেল চিটচিটে এবং আঠালো হয়ে পড়ে। সমপরিমাণ ভিনেগার ও পানি মিশিয়ে স্প্রে করে কিছুক্ষণ পর সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন। দূর হয়ে যাবে তেল চিটচিটে ভাব। 

আমাদের কাগজ//জেডআই