আমাদের কাগজ ডেস্ক: আমাদের দেশে প্রতিবছরই ঘূর্ণিঝড় দেখা দেয়। তাই ঘূর্ণিঝড়ের সময় সতর্কতা অবলম্বন করতে হয়। ঘূর্ণিঝড়ের সময় নিরাপদ থাকতে কী করবেন আর কী করবেন না তা জেনে রাখুন অবশ্যই দরাকার।
যা অবশ্যই করবেন না-
১. ঘূর্ণিঝড়ের সময় বাড়ির বাইরে থাকবেন না। পরিবারের সব সদস্য নিরাপদে আছেন কি না তা নিশ্চিত করুন।
২. কোনো ধরনের গুজবে কান দেবেন না। এতে অনেকেই দুশ্চিন্তায় প্যানিক অ্যাটাক করতে পারেন।
৩. রাস্তায় বা মাটিতে কোনো খোলা তার ঝুলতে দেখলে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। ভুলেও হাত দেবেন না।
৪. ঘূর্ণিঝড়ের সময় মোবাইল ফোন চার্জ দেবেন না।
৫. ঘূর্ণিঝড়ের সময় গাছের নিচে আশ্রয় নেবেন না। প্রবল ঝড়ে গাছ ভেঙে বা উপড়ে যেতে পারে।
৬. ঝড়ের সময় গাড়িও চালাবেন না। এক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। নিরাপদ স্থানে গাড়ি দাঁড় করিয়ে রাখুন।
৭. যেসব এলাকায় ঘূর্ণিঘড় সিত্রাং মারাত্মক আঘাত হানার আশঙ্কা আছে, সেসব এলাকার লোকজনকে যত দ্রুত সম্ভব নিকটস্থ আশ্রয়কেন্দ্রে চলে যান।
৮. ঝড় একটু কমলেই ঘর থেকে বের হবেন না। কেননা, পুনরায় আরও প্রবল বেগে অন্যদিক থেকে ঝড় আসার আশঙ্কা থাকতে পারে। তাই নিশ্চিত হতে এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন।
যা অবশ্যই করবেন-
১. যারা ঘরে অবস্থান করছেন, তারা ঘরের দরজা-জানালা সব ঠিক আছে কি না ভালোমতো চেক করুন। ঘরের কোথাও কোনো ফাটল থাকলে দ্রুত ব্যবস্থা নিন, অন্যথায় ঝড়ে ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। কাচের দরজা-জানালা পর্দা দিয়ে ঢেকে দিন।
২. প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য দ্রব্য পানিরোধী পলিথিন দিয়ে ভালোভাবে মুড়িয়ে রাখুন।
৩. ঘূর্ণিঝড়ের সময় বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে। তাই হারিকেন, মোমবাতি, টর্চ বা চার্জার লাইটের ব্যবস্থা রাখুন।
৪. আবহাওয়া দপ্তরের দেওয়া নির্দশনার খবর রাখুন। আবহাওয়াবিদদের পরামর্শ মেনে চলুন।
৫. ঘূর্ণিঝড়ের সময়ে বাড়ির বাইরে থাকা একেবারেই নিরাপদ নয়। তাই সব কাজ ফেলে যত দ্রুত সম্ভব বাড়িতে বা নিরাপদ স্থানে আশ্রয় নিন।
৬. হাতের কাছে প্রয়োজনীয় ওষুধ রাখুন। ফাস্ট এইড বক্স রাখতেও ভুলবেন না।
৭. গৃহপালিত পশুদের উঁচু স্থানে রাখুন। কোনো অবস্থায়ই গোয়ালঘরে বেঁধে রাখবেন না। কোনো উঁচু জায়গা না থাকলে ছেড়ে দিন, বাঁচার চেষ্টা করতে দিন।
৮. ঘরে থাকা বৈদ্যুতিক যন্ত্রপাতি, গ্যাসের চুলা বন্ধ রাখুন। আশ্রয় কেন্দ্রে গেলে বিদ্যুতের সুইচ ও গ্যাসের চুলা বন্ধ করে তারপর যান।
৯. করোনাভাইরাসের সংক্রমণ রোধে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় অবশ্যই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, যেমন: মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার নিতে ভুলবেন না।
১০. সঙ্গে পর্যাপ্ত শুকনো খাবার ও পানি রাখুন। রান্না করা খাবার সঙ্গে না রাখাই ভালো।
১১. রাস্তায় থাকা অবস্থায় ঘূর্ণিঝড় শুরু হলে দ্রুত কোনো দালানে বা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিন। না হলে বিপদে পড়বেন।
আমাদেরকাগজ/এইচএম






















