অর্থ ও বাণিজ্য ১২ আগস্ট, ২০২৩ ০৭:০৪

এবার ৩০ টাকায় চাল বিক্রি করবে টিসিবি

নিজস্ব প্রতিবেদক:  এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের কা‌ছে ভর্তুকি মূল্যে ১০০ টাকা দরে প্র‌তি লিটার বোতলজাত সয়াবিন তেল ও  ৩০ টাকায় প্র‌তি‌কে‌জি চাল বিক্রি করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। একইসঙ্গে মসুর ডাল বিক্রি করবে  ৬০ টাকা দরে।  আগামীকাল রোববার (১৩ আগস্ট) থেকে বিক্রয় করা হবে এসব পণ্য।

শনিবার ( ১২ আগস্ট) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। 

টিসিবির পক্ষ থেকে জানানো হয়, একজন ফ্যামিলি কার্ডধারী ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ পাঁচ কেজি চাল, ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল ও ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। এ বিক্রয় কার্যক্রম শুধু মহানগরীগুলোতে এবং আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাগুলো পরিচালনা করা হবে।

আরও জানানো হয়, নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (তেল, চাল ও ডাল) পৌঁছে দেওয়ার লক্ষ্যে টিসিবি কর্তৃক ঢাকা মহানগরীসহ সারাদেশে আগস্ট মাসের বিক্রয় কার্যক্রম রোববার (১৩ আগস্ট) থেকে শুরু হবে। ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা ও উপজেলায় নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে।


আমাদেরকাগজ/এইচএম