অর্থ ও বাণিজ্য ২৬ নভেম্বর, ২০২২ ০৩:৪৪

সপ্তাহের ব্যবধানে ফের বেড়েছে চালের দাম

নিজস্ব প্রতিনিধি: এক সপ্তাহের ব্যবধানে নতুন করে মোটা চালসহ সব ধরনের চালের দাম বেড়েছে। একের পর এক নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। এবার চালের সাথে সাথে বেড়েছে তেল, আটা, ময়দা ও চিনির দাম এতে দুশ্চিন্তায় রয়েছে সাধারণ ক্রেতারা।

টিসিবি’র তথ্যমতে, চিকন চালের দাম কেজিতে ৩ টাকা বেড়ে ৬৮ টাকা, মাঝারি বা পাইজাম চাল ২ টাকা বেড়ে ৫৪ থেকে ৫৬ টাকা এবং মোটা চালের কেজিতে ২ টাকা বেড়ে ৪৮ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বাজারের খুচরা ব্যবসায়ীরা বলছেন টিসিবির তথ্যের চেয়ে কেজিতে ৫ থেকে ৭ টাকা বেশি দামে চাল বিক্রি হচ্ছে। অন্যদিকে প্যাকেট আটা কেজিতে ৫ টাকা বেড়ে ৭০ টাকা, আর খোলা আটা ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। প্যাকেট ময়দা কেজিতে ৫ টাকা বেড়ে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে।

গত ১৭ নভেম্বর থেকে সয়াবিন তেল ও চিনির দাম আরও বেড়েছে। এখন সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। আগের চেয়ে কেজিতে বেড়েছে প্রায় ১২ টাকা। আর প্যাকেটজাত চিনি কেজিতে ১২ টাকা বাড়িয়ে বিক্রি করা হচ্ছে ১০৭ টাকায়। যদিও বাজারে নির্ধারিত দামের তেল পাওয়া গেলেও চিনি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। সরবরাহ সংকটের কারণে বাজারভেদে চিনি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে।

আমাদের কাগজ//জেডআই