জ্যেষ্ঠ প্রতিবেদক
যে কোনো খেলায় বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা ও উত্তেজনা। সাম্প্রতিক সময়ে নিরাপত্তার কারণে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যায়নি। এমন মুহূর্তে নেপালের পোখরায় সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে ভারতকে হারিয়েছে।
ম্যাচের দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। ২৯ মিনিটে ফ্রি কিক থেকে বাংলাদেশ লিড নেয়। ভারতের গোলরক্ষক বলের ফ্লাইট ঠিকমতো বুঝতে পারেননি। তার হাতে লাগার পর পোস্টের সামনে বল পড়ে। অধিনায়ক অর্পিতা বিশ্বাস সামান্য প্রচেষ্টাতেই বল জালে পাঠান। দশ মিনিট পর বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। এবারো অনেকটা সেই রকম অ্যাকশন। বাংলাদেশ দ্রুত গতির কাউন্টার অ্যাটাক করে। ডান প্রান্ত থেকে করা ক্রস ভারতের ডিফেন্ডাররা পরাস্ত হয়। দুই ডিফেন্ডারের মাঝ খান থেকে বাংলাদেশের ফরোয়ার্ড আলপি আক্তার দারুণ দক্ষতায় বল জালে পাঠান।
বিরতির পরও বাংলাদেশের আক্রমণ অব্যাহত ছিল। কয়েকটি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। ভারত গোল করে খেলায় ফেরার চেষ্টা করেও পারেনি। বাংলাদেশের ডিফেন্ডার ও গোলরক্ষক ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। এতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
সাফ অ-১৯ নারী টুর্নামেন্টে স্বাগতিক নেপাল, বাংলাদেশ, ভারত ও ভুটান অংশগ্রহণ করছে। চার দলই একে অন্যের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। তিন ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ৭ ফেব্রুয়ারি শিরোপার জন্য লড়বে। ২ ম্যাচ শেষে ৬ পয়েন্ট ও ১৪ গোল ব্যবধান নিয়ে বাংলাদেশ সবার উপরে। ভারত আগের ম্যাচে নেপালকে হারিয়ে তিন পয়েন্ট ও -১ গোল ব্যবধান নিয়ে দ্বিতীয় স্থানে। নেপাল ও ভুটান দুই ম্যাচই হারায় তাদের পয়েন্ট শূন্য। আজ নেপাল ও ভূটানের ম্যাচ ড্র হলে বাংলাদেশ এক ম্যাচ আগেই ফাইনালে উঠবে।
ভারত পরের ম্যাচে ভুটানকে হারালে এবং বাংলাদেশ পরের ম্যাচে স্বাগতিক নেপালের কাছে হারলে এবং নেপাল আজ ভুটানের বিপক্ষে জিতলে তখন তিন দলেরই সমান ৬ পয়েন্ট হবে। সেই সময় টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী দুই ফাইনালিস্ট দল র্নিধারিত হবে।






















