খেলাধুলা ১৮ অক্টোবর, ২০২৩ ০৭:৫১

সাকিবের খেলা নিয়ে যা বললেন হাথুরু

স্পোর্টস ডেস্ক : নিউ জিল্যান্ডের বিপক্ষের ম্যাচে ব্যাটিংয়ের সময় বাঁ উরুর মাংসপেশিতে টান খান সাকিব আল হাসান। তখনই বেশ অস্বস্তিতে ছিলেন। এরপর ১০ ওভার বোলিং করে ম্যাচ শেষ হওয়ার আগেই বেরিয়ে যান। অবশ্য বিশ্রাম নিয়ে গতকাল মঙ্গলবার ব্যাটিং করেন। রানিং সেশনও করেন। আজ তার আরও একটি স্ক্যান করানো হয়েছে। সেটার রিপোর্ট হাতে পেলেই সাকিব ভারতের বিপক্ষে খেলবেন কি খেলবেন না সে সিদ্ধান্ত নিবে বাংলাদেশ। তবে বাংলাদেশের কোচ হাথুরুসিংহে জানিয়েছেন, তাকে নিয়ে ঝুঁকি নিবেন না।

বুধবার শেষ সময়ের জন্য অনুশীলন করেছে টাইগাররা। তবে এদিনও সাকিব আল হাসানের খেলা নিয়ে কাটেনি শঙ্কা। উঁরুর ইনজুরিতে ভুগছেন টাইগার অধিনায়ক। তবে সাকিব খেলবেন কিনা সে সিদ্ধান্ত হবে ম্যাচের দিন সকালে। 

আজ বুধবার সংবাদ সম্মেলনে এসে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, 'সাকিবের অবস্থা ভালো। গতকাল সে নেটে ভালো একটি ব্যাটিং সেশন কাটিয়েছে। ভালো রানিংও করেছে। সে ঠিক আছে। আজ তার একটি স্ক্যান করানো হয়েছে। রিপোর্ট এখনও হাতে পাইনি। আমরা সেটার অপেক্ষায় আছি। সে অবশ্য অনুশীলনে বোলিং করেনি। আগামীকাল সকালে আমরা তার পর্যালোচনা করবো। তখন হয়তো তার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো। তবে তার বিষয়ে আমরা কোনো ঝুঁকি নিবো না।’

ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আরও একবার হাসপাতালে গিয়েছেন সাকিব আল হাসান। গণমাধ্যমের খবর, দ্বিতীয়বারের মতো স্ক্যান করাতে হাসপাতালে নেওয়া হয়েছে টাইগার কাপ্তানকে। নিউজিল্যান্ড ম্যাচে মাংসপেশীতে চোট পেয়েছিলেন তিনি।

আমাদেরকাগজ /  এইচকে