স্পোর্টস ডেস্ক: লন্ডনে চিকিৎসা শেষে সোমবার দেশে ফিরেছেন তামিম ইকবাল। তবে দেশে ফেরার সাথে সাথেই দলের ক্যাম্পে যোগ দিতে পারছেন না এই টাইগার ওয়ানডে অধিনায়ক। এক সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ চিকিৎসকের।
জানা গেছে, দেশে ফিরে আপাতত ১৪ দিনের বিশ্রামে থাকতে হচ্ছে তামিমকে। এরপর ধীরে ধীরে অনুশীলনে ফিরবেন টাইগার এই ওয়ানডে অধিনায়ক। তবে এদিন বিমানবন্দরে পা রেখে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি তিনি। সংবাদমাধ্যমকে এড়িয়ে সেখান থেকে সোজা বাসার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।
এর আগে আজ মিরপুরে শুরু হয়েছে টাইগার ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প। এ ক্যাম্প সামনে রেখে প্রাথমিক দল দেওয়ার কথা ছিল। শেষমেশ তা আর হয়নি। ৩২ ক্রিকেটারকে ক্যাম্পে ডেকেছে বিসিবি। কাদের ডাকা হয়েছে, তা জানার উপায় নেই। কারণ ৩২ ক্রিকেটারের নাম প্রকাশ করবে না বিসিবি। স্কিল অনুশীলন শুরুর আগে একেবারে ২১-২২ সদস্যের দল দেওয়া হবে বলে জানান বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
এশিয়া কাপ, বিশ্বকাপ সামনে রেখে লম্বা সময় ক্রিকেটারদের থাকতে হবে টানা খেলার মধ্যে। এর আগে ক্রিকেটারদের ফিটনেসের অবস্থা বুঝতে আজ শুরু হবে ক্যাম্প। ৩ আগস্ট ক্রিকেটাররা দেবেন ইয়ো ইয়ো টেস্ট। ক্রিকেটারদের ক্যাম্প শুরুর বিষয়গুলো নিশ্চিত করে নান্নু বলেন, ‘আমাদের ফিটনেস ক্যাম্প শুরু হচ্ছে। ৩ তারিখে ইয়ো ইয়ো টেস্ট আছে। আমরা দেখতে চাচ্ছি খেলোয়াড়দের ফিটনেস কোন পর্যায়ে আছে। একটা মান দেখার জন্য। আমরা ৩২ খেলোয়াড় তৈরি করেছি। ওরা ইয়ো ইয়ো টেস্ট করে যাবে।’
এশিয়া কাপের আগে হওয়া এই ক্যাম্পে অবশ্য থাকবেন না তামিম ইকবাল। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে দেশের বাইরে থাকা ক্রিকেটারদেরও পাওয়া যাবে না। অন্য ক্রিকেটারদের নিয়ে ধারণা থাকলেও তামিম সম্পর্কে এখনও অন্ধকারে নির্বাচকরা।
আমাদেরকাগজ/এইচএম






















