খেলাধুলা ২১ জুলাই, ২০২৩ ০৯:৩৭

৫০০ তে কোহলির সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে জয় পেয়েছে সফরকারীরা। ডমিনিকায় তিন দিনের মধ্যে ইনিংস ব্যবধানে জয়ের পর গতকাল পোর্ট অব স্পেনে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে তারা। 

এদিকে ক্যারিবিয়দের বিপক্ষে এ টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের ৫০০তম ম্যাচে মাঠে নেমেছেন বিরাট কোহলি। আর অনন্য এ অর্জন তিনি রাঙিয়েছেন দুর্দান্ত এক শতকে। সেই সঙ্গে প্রায় দীর্ঘ ৫ বছর পর বিদেশের মাটিতে টেস্ট শতক হাঁকালেন তিনি।   

ক্যারিবিয়দের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করতে নেমে গতকাল চার উইকেট হারিয়ে ২৮৮ রানের সংগ্রহ করে ভারত। ব্যাট হাতে দুই ওপেনার রোহিত শর্মা এবং যশ্বসী জয়সোয়াল ভালো শুরু এনে দিয়ে সাজঘরে ফিরলেও ব্যর্থ হন শুবমান গিল এবং অজিঙ্কা রাহানে। পরে রবীন্দ্র জাদেজাকে নিয়ে দলের হাল ধরেন বিরাট কোহলি। 

জাদেজার সঙ্গে কোহলির ১০৬ রানের জুটিতেই বড় সংগ্রহের দিকে এগোতে থাকে ভারত। প্রথম দিনে ব্যাটিংয়ে নেমে ১৬১ বলে ৮ চারে ৮৭ রানে অপরাজিত থাকার পর আজ দ্বিতীয় দিনের শুরুতেই নিজের সেঞ্চুরি পূরণ করেছেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে তার সেঞ্চুরি সংখ্যা এখন ৭৬টি। সাদা পোশাকের ক্যারিয়ারে এটি তার ২৯তম সেঞ্চুরি। অপরদিকে নিজের ৫০০তম ম্যাচে শতক হাঁকানো এক মাত্র ক্রিকেটার বনে গেলেন কোহলি। 

প্রতিযোগিতামূলক ক্রিকেটে সবশেষ আইপিএলে শত রানের দেখা পেয়েছিলেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান। 

আমাদেরকাগজ / এইচকে