খেলাধুলা ১৪ জুলাই, ২০২৩ ০৯:৫২

শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, দুই নতুন মুখ 

স্পোর্টস ডেস্ক : চলতি মাসেই পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে স্বাগতিক শ্রীলঙ্কা। আসন্ন এই সিরিজকে সামনে রেখে প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। শ্রীলঙ্কা দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন দুই ক্রিকেটার নিশান মাদুশকা ও লাকশিথা মানাসিংহে। এছাড়া পুনরায় দলে ফিরেছেন পাথুম নিশাঙ্কা ও প্রাভিন জয়াবিক্রমা। দলকে নেতৃত্ব দিবেন দিমুথ করুণারত্নে।

সম্প্রতি ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছেন নিশাঙ্কা। যার সুবাদে পুনরায় জাতীয় দলে ডাক পেয়েছেন এই ওপেনার। ২০২১ সালের মার্চে টেস্ট অভিষেকের পর শ্রীলঙ্কার হয়ে ৯টি টেস্ট খেলেছেন নিশাঙ্কা।

নিশাঙ্কার মতো এক বছরেরও বেশি সময় পর টেস্ট দলে ডাক পেয়েছেন জয়াবিক্রমা। ২০২২ সালের মে’তে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন তিনি। ক্যারিয়ারের প্রথম ৫ টেস্টেই ২৫ উইকেট নেন তিনি।

অন্যদিকে, বিশ্বকাপ বাছাইপর্বে চার ম্যাচে ৮ উইকেট নিয়ে প্রথমবারের মত টেস্ট দলে জায়গা করে নিয়েছেন মাদুশঙ্কা। আর পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচে ৪ উইকেট ও ১০ রান করার সুবাদে নতুন মুখ হিসেবে দলে সুযোগ পেয়েছেন মানাসিংহে।

তবে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া, আসিথা ফার্নান্দো, দুশান হেমান্থ ও মিলান প্রিয়নাথ।

আগামী ১৬ জুলাই গল আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। কলম্বোতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৪ জুলাই।

শ্রীলঙ্কার টেস্ট দল : দিমুথ করুণারত্নে (অধিনায়ক), কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, রমেশ মেন্ডিস, প্রবাথ জয়াসুরিয়া, প্রাভিন জয়াবিক্রমা, কাসুন রাজিথা, দিলশান মাদুশঙ্কা, বিশ্ব ফার্নান্দো, নিশান মাদুশকা ও লাকশিথা মানাসিংহে।

আমাদেরকাগজ / এইচকে