খেলাধুলা ৬ জুলাই, ২০২৩ ০৫:৩৪

যে কারণে অবসর নিলেন তামিম!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল বৃহস্পতিবার হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। বিশ্বকাপের ঠিক আগে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কের অবসরের ঘোষণায় চমকিত পুরো দেশ। ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে আনকোড়া পাঠকও জানতে চাচ্ছেন হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন তামিম? এ ব্যাপারে সংবাদ সম্মেলনে তামিম কিছু না বললেও সেটা অনুমান করা কঠিন কিছু নয়। 

তার ফিটনেস নিয়ে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমের সামনে কিছু মন্তব্য করেছেন। যে বক্তব্য তামিমকে আহত করে থাকতে পারে। ১৬ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর কর্তাব্যক্তিদের ধারাবাহিক এমন আচরণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তামিম।

অবসরের সিদ্ধান্ত নেওয়ার আগে বিসিবির কর্মকর্তাদের সঙ্গে কথোপকথনেও তামিম এ বিষয়গুলো তুলে ধরেছেন বলে জানা গেছে। বিষয়গুলোকে নিজের জন্য সম্মানজনক মনে করেননি দেশসেরা এই ওপেনার। 

এছাড়া কড়া হেড মাস্টার হিসেবে খ্যাত জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের ব্যাপারেও তামিম ইকবালের কিছুটা ক্ষোভ ছিল। তামিম নাকি বলেছেন, যে পরিমাণ চাপ এ মুহূর্তে তাকে নিতে হচ্ছে, সেটা নেওয়ার মতো মানসিক অবস্থায় তিনি নেই। এর চেয়ে খেলা ছেড়ে পরিবারকে সময় দেওয়াটাই শ্রেয়। 

সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছেন, অবসরের সিদ্ধান্ত হুট করে নয়। বেশ কিছুদিন ধরেই পরিবারের সঙ্গে আলোচনা করেছেন তিনি। তার প্রথম চিন্তা ছিল শুধু টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর। অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে খেলতে চেয়েছিলেন কিন্তু সেটা আর হলো না। আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর নিয়ে নিলেন। এর আগে গত বছরের ২২ জুলাই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন তামিম। 

তামিম ইকবাল দেশের হয়ে টেস্ট, ওয়নাডে ও টি-টোয়েন্টি মিলে ৩৮৯ ম্যাচে অংশ নেন। ব্যাট হাতে দেশের হয়ে সবচেয়ে বেশি ২৫টি সেঞ্চুরি আর ৯৪টি ফিফটির সাহায্যে দেশের হয়ে সর্বোচ্চ ১৫ হাজার ২০৫ রান করেন তামিম। 

আমাদেরকাগজ / এইচকে