খেলাধুলা ১৯ জুন, ২০২৩ ০৯:৩৯

ইন্দোনেশিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়াকে ২-০ গোলে হারাল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের জয়ে গোল দুটি করেন পারেদেস ও রোমেরো। সোমবার, ১৯ জুন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। 

সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু হওয়ার আগে ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে এশিয়া সফরে আসে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে চীনের বেইজিংয়ে মেসি জাদুতে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারায় বিশ্বচ্যাম্পিয়নরা। 

ইন্দোনেশিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগেই আর্জেন্টিনা কোচ স্ক্যালোনি জানিয়েছিলেন, এই ম্যাচে বেশ কিছু পরিবর্তন থাকছে। খেলছেন না নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি, উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া ও সেন্টারব্যাক নিকলাস ওতামেন্ডি। ওয়ার্কলোড কমাতে তাদের বিশ্রামে পাঠান কোচ স্ক্যালোনি।

ইন্দোনেশিয়ার গেলোরা ব্যাং কর্ণ স্টেডিয়ামে আজ (সোমবার) খেলতে নেমে শুরু থেকেই একের পর এক আক্রমণ শানিয়েছে আকাশী-সাদারা। তবে অগোছালো আক্রমণে বারবার গোলের সম্ভাবনা তৈরি করেও প্রতিপক্ষের রক্ষণ গলাতে পারেননি পাজ্জেলা-পারেদেসরা। 

পুরোপুরি রক্ষণাত্মক ইন্দোনেশিয়ার ডিফেন্স ভেঙে জাল ভেদ করা কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। প্রথমার্ধের ১৭ তম মিনিটে ইন্দোনেশিয়ার জালে গোল করার সুবর্ণ সুযোগ পায় আর্জেন্টিনা। নিকোলাস গুঞ্জালেসের নেওয়া জোরালো শট ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক সুতাইয়ারদি। 

মেসিহীন ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে নামা আর্জেন্টিনা দলে ফিনিশিংয়ের অভাব স্পষ্ট দেখা যায়। ম্যাচের ২৯ তম মিনিটে ইন্দোনেশিয়ান গোলরক্ষকের সঙ্গে ওয়ান টু ওয়ান পজিশনে থেকে গোল করতে ব্যর্থ হন ফরোয়ার্ড ফাকান্দু বুনানত্তে।

খেলার ৩৮ মিনিটে লিয়ান্দো পারেদেসের চমৎকার গোলে এগিয়ে যায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খেলার ৫৫ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুন করেন ক্রিস্তিয়ান রোমেরো। এরপর আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানে এগিয়ে থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। 

আমাদেরকাগজ / এইচকে