খেলাধুলা ১৬ জুন, ২০২৩ ০৪:৪০

দুই সেঞ্চুরিতে আফগানকে ৬৬১ রানের লক্ষ্য দিল টাইগাররা

স্পোর্টস ডেস্ক : মিরপুর শেরে বাংলায় একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে নাজমুল হোসেন শান্ত আর জাকির হাসান যেই রান পাহাড়ের ভীত গড়ে দিয়েছিলেন, তৃতীয় দিনে সেই ভীতের ওপর পাহাড় দাঁড় করিয়েছেন মুমিনুল হক ও লিটন দাস। শান্ত আর মুমিনুলের সেঞ্চুরি, লিটন ও জাকিরের হাফ সেঞ্চুরিতে ভর করে দ্বিতীয় ইনিংসে ৪২৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। লিড বাংলাদেশের ৬৬১ রান।

বহুল কাঙ্ক্ষিত সেঞ্চুরির দেখা পান মুমিনুল হক। লিড ততক্ষণে পাহাড়সম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তারপরও ব্যাটিং চালিয়ে যাচ্ছিল বাংলাদেশ। অবশেষে আসে ইনিংস ঘোষণার সংকেত। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৪২৫ রান করে বাংলাদেশ। লিটন দাস ৮১ বলে ৮ চারে ৬৬ রান নিয়ে অপরাজিত থাকেন।  ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি পাওয়া মুমিনুল অপরাজিত ছিলেন ১২১ রানে। ১৪৫ বলে ১২ চার ও একটি ছয় মারেন তিনি।  

২৬ মাস পর সেঞ্চুরির দেখা পান মুমিনুল, সর্বশেষ তার সেঞ্চুরি এসেছিল ২০২১ সালের এপ্রিলে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে। মুমিনুলের আগেই হাফ সেঞ্চুরি পান লিটন দাস।  

উইকেটে এসে দ্বিতীয় বলেই চার হাঁকান লিটন দাস। পঞ্চাশেও তিনি পৌঁছান বাউন্ডারি হাঁকিয়েই। মাঝখানে দুর্দান্ত সব শট খেলেছেন তিনি। সাবলীল ব্যাটিংয়ে করেছেন হাফ সেঞ্চুরি। ৫৩ বলে ৮ চারে ১৬তম হাফ সেঞ্চুরি স্পর্শ করেন তিনি। মুমিনুলের সঙ্গে তার জুটির একশও পূরণ হয় তাতে। মুমিনুলের ৪৯, লিটনের ৫৩ রান অবদান তাতে।

এই দুই মাইলফলকের কিছুক্ষণ পরই সেঞ্চুরি পূর্ণ করেন মুমিনুল। প্রায় ২৬ মাসের অপেক্ষা শেষ হয় তার। ড্রেসিং রুমের দিকে ব্যাট উঁচিয়ে ও লিটন দাসকে জড়িয়ে ধরে উদযাপন সারেন তিনি। ক্যারিয়ারের ১২তম টেস্ট সেঞ্চুরি করেছেন মুমিনুল। দেশের সর্বোচ্চ সেঞ্চুরিও তার। মুমিনুলের আগে সেঞ্চুরি পান নাজমুল হোসেন শান্তও। একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা দ্বিতীয় বাংলাদেশি তিনি। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন জহির খান।

আমাদেরকাগজ / এইচকে