খেলাধুলা ১৫ জুন, ২০২৩ ০৬:০৪

আফগানদের বিপক্ষে জয়ের সুবাস টাইগারদের!

স্পোর্টস ডেস্ক : মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম দিনে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে সুবিধাজনক অবস্থানে ছিল স্বাগতিক বাংলাদেশ। কিন্তু বৃহস্পতিবার, ১৫ জুন দ্বিতীয় দিনের শুরুতে ২০ রানে শেষ পাঁচ উইকট হারিয়ে অলআউট হয়ে যায় বাংলাদেশ। তবে দুর্দান্ত বোলিংয়ে সফরকারীদের ধসিয়ে দিয়ে ফের চালকের আসনে বসেছে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে টপ অর্ডারদের আগ্রাসী ব্যাটিংয়ে দ্বিতীয় দিনটাও নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

টেস্টের প্রথম দিনের শেষ সেশনে তিন উইকেট হারালেও মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিমের ব্যাটে বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতে মাত্র ১৯ বল টিকে ছিল এ জুটি। দিনের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে ইয়ামিন আহমাদজাইয়ের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে আমির হামজাকে ক্যাচ দেন ৮০ বলে ৮ চারে ৪৮ রান করা মিরাজ।

পরের ওভারে নিজাত মাসুদের বলে স্লিপে নাসির জামালের ক্যাচে পরিণত হন মুশফিক। সাজঘরে ফেরার আগে ৭৬ বলে চার চারে ৪৭ রান করেন এ উইকেটরক্ষক। দুই অভিজ্ঞ ব্যাটারের বিদায়ে বাংলাদেশের ইনিংসও পথ হারিয়ে ফেলে। মাত্র ৯ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারিয়ে ৩৮২ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ১৬ ওভারে ৭৯ রান দিয়ে ৫ উইকেট নিয়ে আফগানিস্তানের সফল বোলার ছিলেন অভিষিক্ত নিজাত।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে আফগানিস্তান মোটেও সুবিধা করতে পারেনি। বাংলাদেশি বোলারদের তোপের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে সফরকারীরা। দুই পেসার শরিফুল ইসলাম ও এবাদত হোসেনের কৃতিত্বে ৫১ রানেই ৪ উইকেট হারায় আফগানরা। তবে পঞ্চম উইকেটে ৭৩ বলে আফসার জাজাই ও নাসির জামালের ৬৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা।

মেহেদী হাসান মিরাজের বলে ৪৩ বলে ৬ চারে ৩৫ রান করা নাসির জামাল এলবিডব্লিউর ফাঁদে পড়লে এ জুটি ভাঙে। পরের ওভারে ফিরে যান জাজাইও। এবাদত হোসেনের বলে শরিফুলের হাতে ক্যাচ দিয়ে ৪০ বলে ৩৬ রান করে বিদায় নেন আফগান উইকেটরক্ষক। শেষ পর্যন্ত ৩০ রানে শেষ ৪ উইকেট হারিয়ে আফগানরা ১৪৬ রানে গুটিয়ে যায়। বাংলাদেশি বোলারদের মধ্যে এবাদত ৪টি আর শরিফুল, মিরাজ ও তাইজুল ২টি করে উইকেট নেন।

আফাগানিস্তানকে ফলোঅন করানোর সুযোগ থাকলেও লিড বাড়ানোর লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয়ের ব্যাটে শুরুটা উড়ন্ত হলেও তার স্থায়িত্ব ছিল দুই ওভার। প্রথম ওভারে জীবন পেলেও পরের ওভারের শেষ বলে আমির হামজার শিকার হন। প্যাভিলিয়নে ফেরার আগে ১৩ বলে চারটি চারে ১৭ রান করেন এ ওপেনার।

আগ্রাসী ব্যাটিংয়ে দ্বিতীয় দিনের বাকি সময়টা নির্বিঘ্নে পার করে দেন আরেক ওপেনার জাকির হাসান এবং প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান শান্ত। দলীয় ১৮ রানে প্রথম উইকেট পতনের পর অবিচ্ছিন্ন ১১৬ রানের জুটি গড়ে দিন শেষ করেন তারা। এক উইকেট হারিয়ে ১৩৪ রান হারিয়ে ৩৭০ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করে টাইগাররা। শান্ত এবং জাকির দুজনই ৬৪ বলে ৫৪ রান করে অপরাজিত রয়েছেন।


আমেোদরকাগজ / এইচকে