খেলাধুলা ১৩ জুন, ২০২৩ ০৪:৩৪

টেস্ট ক্রিকেটের গুরুত্ব নিয়ে যা বললেন হাথুরু

স্পোর্টস ডেস্ক : টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১-২৩ মৌসুমের ফাইনালে ভারতকে হারিয়ে দ্বিতীয় মৌসুমের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। জুন থেকে আবার শুরু হয়েছে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় মৌসুম। তবে বাংলাদেশ-আফগানিস্তানের এক ম্যাচের টেস্ট সিরিজ এই চ্যাম্পিয়নশিপের অংশ নয়। 

প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের উত্তর, দেশের প্রতিনিধিত্ব করার জন্য সেরা ফরম্যাট টেস্ট ক্রিকেট। মঙ্গলবার, ১৩ জুন মিরপুরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা এখানে ভুলে যান, আপনি এখানেও কিন্তু দেশের হয়ে খেলছেন; কোনো ফ্রাঞ্চাইজির হয়ে না। এই চ্যাম্পিয়নশিপ কিন্তু এসেছে মাত্র তিন বা চার বছর আগে। এর আগেও কিন্তু দেশের হয়ে আপনি টেস্ট খেলেছেন, ৯ বা ১০ বছর বয়সে এমন কিছুর স্বপ্ন দেখেই বেড়ে উঠেছেন। দেশের জন্য খেলতে আমার কাউকে উৎসাহ দেওয়ার দরকার নেই। যদি কারও উৎসাহের দরকার হয়, তাহলে আমি বলব সে ভুল জায়গায় আছে।’

টেস্ট ক্রিকেটের গুরুত্ব বোঝাতে গিয়ে টাইগার কোচ আরও যোগ করেন, ‘আমার ধারণা খেলোয়াড়দের জন্য দেশের হয়ে টেস্ট খেলাটাই তাদের জন্য যথেষ্ট অনুপ্রেরণার। আমার নজরে এটি এ রকম। দেশের হয়ে যে কোনো ম্যাচ খেলাই সম্মানজনক।

তিনি আরও বলেন, ‘সব মিলিয়ে যদি আমার কথা যদি জিজ্ঞেস করেন, তাহলে ক্রিকেট খেলাটাই সবার ওপরে। ভবিষ্যতে বাকি ফরম্যাটগুলো কত বেশি জনপ্রিয় হলো, তাতে কিছু যায়-আসে না। আপনি জানেন টেস্ট ক্রিকেটে আপনার স্কিলের পরীক্ষা হয়। বোলার, ব্যাটার বা ফিল্ডার হিসেবে আপনার পারফরম্যান্স ও মানসিক স্কিলের পরীক্ষা হয় এখানে। টেস্ট ক্রিকেটের চেয়ে ভালো আর কোনো ফরম্যাট হতে পারে না, যদি আপনি সত্যিই দেশকে প্রতিনিধিত্ব করার মাধ্যমে গর্বিত হতে চান।

আমাদেরকাগজ / এইচকে