খেলাধুলা ১৯ মে, ২০২৩ ০৬:১২

এশিয়া কাপ হতে পারে শ্রীলঙ্কায়!

স্পোর্টস ডেস্ক : আসন্ন এশিয়া কাপের ভেন্যু নিয়ে এখনো জটিলতা। চলতি বছরের সেপ্টেম্বরে আসরটি শুরুর কথা থাকলেও তা নিয়ে এখন শঙ্কা। মূলত ভারতের খেলতে অনাগ্রহের কারণে তাদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের ‘হাইব্রিড’ প্রস্তাব দিয়েছিল পাকিস্তান। যদিও অন্য দেশগুলো আগ্রহ না দেখানোয় সে প্রস্তাবও ধোপে টেকেনি। এছাড়া কদিন আগে নিরপেক্ষ ভেন্যু তথা ইংল্যান্ডের মাটিতে টুর্নামেন্টটি আয়োজনের কথা বলেছিলেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। কিন্তু তার এমন প্রস্তাবের বিরোধিতা হচ্ছে খোদ পাকিস্তানেই।

বাংলাদেশকেও প্রস্তাব দেওয়া হয়েছিল বলে একদিন আগেই জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মূলত বৃষ্টি সমস্যার কারণেই বিসিবি এশিয়া কাপের প্রস্তাবে রাজি হয়নি এমনটাই জানিয়েছেন পাপন। একইসঙ্গে বিসিবির শীর্ষ এই কর্মকর্তা মনে করেন, টি-টোয়েন্টি হলে ভেবে দেখা যেত। সামনে ওয়ানডে বিশ্বকাপ থাকায় এবারের এশিয়া কাপ ওডিআই ফরম্যাটে হতে যাচ্ছে। 

তিনি বলছিলেন, ‘একটা দেশ হলে এটা যে কোনো দেশই হতে পারে। তবে খুব সম্ভব, সুযোগ বেশি শ্রীলঙ্কার। বাংলাদেশকেও প্রস্তাব করা হয়েছিল। কিন্তু বাংলাদেশে ওই সময় যেহেতু বৃষ্টি থাকবে। আর খেলা হবে ওয়ানডে, টি-টোয়েন্টি হলে আমরা একটা সুযোগ নিতে পারতাম। ওয়ানডেতে আমার মনে হয়, ওই সময়টায় খেলানো সম্ভব হবে না। সেজন্য আমাদেরকে যখন প্রস্তাব দেওয়া হয়েছিল, আমরা বলেছি, ওই সময়টায় সম্ভব না।

আমাদের কাগজ / এইচকে