খেলাধুলা ১৬ মে, ২০২৩ ০৭:০০

দেশে ফিরেই লম্বা ছুটিতে টাইগাররা

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরেছে টাইগাররা। মঙ্গলবার, ১৬ মে বিকেল সাড়ে ৫টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে টাইগাররা। অধিনায়ক তামিম ইকবাল, তাইজুল ইসলাম ও লিটন দাসসহ বেশ কয়েক ক্রিকেটার দলের সঙ্গে দেশে ফিরেননি। লন্ডনে ছুটি কাটাবেন তারা। আর যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাবেন সাকিব আল হাসান। তাই আপাতত টাইগারদের কোনো সিরিজ না থাকায় বেশ বড় ছুটিই পাচ্ছেন ক্রিকেটাররা।

ঘরের মাঠে আগামী ১৪ জুন আফগানিস্তানে সঙ্গে সিরিজের একমাত্র টেস্টে খেলবে বাংলাদেশ। আর ঈদের পরপরই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি। যে কারণে লম্বা ছুটিই পাচ্ছে টিম টাইগার্স।

আইরিশদের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে তামিম ইকবালের দল। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটে এবং শেষ ম্যাচে ৫ রানে জয় পায় টাইগাররা।

আমাদেরকাগজ / এইচকে