খেলাধুলা ২ মে, ২০২৩ ০৪:২৪

বাবরকে অধিনায়কত্ব ছাড়তে বললেন সাবেক কিংবদন্তি

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের পর থেকেই পাকিস্তানের বারব আজমের নেতৃত্ব নিয়ে সমালোচনা চলছে। পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট আপাতত তাকে সরানোর পক্ষে না। তারা চাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তিন ফরমেটেই পাকিস্তান ক্রিকেটকে নেতৃত্ব দিক বাবর। পাকিস্তানের সাবেক কিংবদন্তি উইকেটকিপার ব্যাটার রশিদ লতিফ বাবরকে নেতৃত্ব ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন। বলেছেন, বাবর চাপ অনুভব করলে তার নেতৃত্ব ছেড়ে দেওয়া উচিত।   

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাবরকে নেতৃত্বে রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট, আপনি কী মনে করেন—এমন প্রশ্নে রশিদ লতিফ নিজের ইউটিউব চ্যানেলকে বলেন, এখানে পরিবর্তনের প্রয়োজন নেই, যদি বাবর তার অধিনায়কত্ব নিয়ে চাপ অনুভব না করে।

‘বাবরকে অধিনায়ক রাখা হোক। তবে বাবরের প্রতি আমার উপদেশ থাকবে-সরে দাঁড়াও। বাইরে থেকে কেউ যদি প্রভাব বিস্তার করতে চায়, তবে সরে দাঁড়ানোই উত্তম।’

পাকিস্তান ক্রিকেট বোর্ড ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি সম্প্রতি এক সাক্ষাৎকারে শর্তসাপেক্ষে বাবরকে অধিনায়ক রাখার পক্ষে মত দেন। তিনি বলেন, পাকিস্তান জয়ের ধারা অব্যাহত রাখলে অধিনায়ক বদল করা হবে না। আর মিকি আর্থারের সঙ্গে আলোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আর্থারকে পাকিস্তানের টিম ডিরেক্টর করা হচ্ছে।

এদিকে পাকিস্তান দলের সাবেক অধিনায়ক শোয়েব মালিক সম্প্রতি বলেছেন, তিনি বাবরের পজিশনে থাকলে অধিনায়কত্ব ছেড়ে দিতেন এবং ব্যাটিংয়ে মনোযোগী হতেন। তথ্যসূত্র: ক্রিকেট পাকিস্তান।

আমাদেরকাগজ / এইচকে