খেলাধুলা ৯ এপ্রিল, ২০২৩ ০৫:৩৯

আয়ারল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা, চমক মৃত্যুঞ্জয়

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী মে মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে টাইগাররা। রবিবার, ৯ এপ্রিল বিকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তিন ম্যাচের ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে। ইনজুরির কারণে ছিটকে গেছেন পেসার তাসকিন আহমেদ। প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন যুব বিশ্বকাপজয়ী দলের বামহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী।

এই সফরটি আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ। আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে চেমসফোর্ডে। ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক সময়ে দারুণ বোলিং করছেন ২১ বছর বয়সী মৃত্যুঞ্জয়। তার গতিময় বোলিং নাস্তানাবুদ করে থাকে প্রতিপক্ষ ব্যাটারদের। বিপিএলেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে দারুণ বোলিং করেছেন। তাছাড়া ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট-বল হাতে শেখ জামালের হয়ে ইমপ্যাক্ট ক্রিকেট খেলছেন তিনি।

দল থেকে তাসকিন ছাড়াও বাদ পড়েছেন নাসুম আহমেদ ও রনি তালুকদার। এবার দল ঘোষণা করা হয়েছে ১৫ জনের। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ফিরেছেন বামহাতি স্পিনার তাইজুল ইসলাম ও বামহাতি পেসার শরিফুল ইসলাম।

বাংলাদেশ দল: 

তামিম ইকবাল ( অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।