খেলাধুলা ৬ এপ্রিল, ২০২৩ ০৫:১৭

অভিষেকেই সেঞ্চুরি টাকারের

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের দ্বিতীয় ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি পেলেন টাকার। এর আগে ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে দেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন কেভিন ও'ব্রায়েন। ও'ব্রায়েনের সেঞ্চুরিটিও ছিল দলের দ্বিতীয় ইনিংসে।  

নেমেছিলেন পথ হারানো দলটার দিশা খুঁজে পাওয়ার সময়টাতে। পিটার মুরকে সঙ্গে নিয়ে টাকার করছিলেন চেষ্টা। মুরের বিদায়ে সঙ্গী হন টেক্টরের। এরপরের গল্পটা লড়াই করার, ধৈর্য ধরার, প্রতি আক্রমণেরও। ২০৮ মিনিটের ইনিংসে লরকান টাকার পেয়েছেন সেঞ্চুরির দেখা। কেবল দ্বিতীয় আইরিশ ব্যাটার হিসেবে টেস্টে, নিজের সাদা পোশাকের অভিষেক ম্যাচে।  

৮০ ওভার শেষে বাংলাদেশ দ্বিতীয় নতুন বল নেওয়ার পর তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন টাকার। নতুন বলে তাইজুল ইসলামের করা প্রথম ওভারের দ্বিতীয় বলে দুই রান নিয়ে সেঞ্চুরি করেন তিনি। ২৭ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল আইরিশরা। পরে ৫১ রানে পাঁচ উইকেট হারানোর পর মাঠে নামেন টাকার।  

১৪৯ বলে ১৩ চার ও ১ ছয়ে তিন অঙ্কে পৌঁছান টাকার। ম্যাকব্রাইনের সঙ্গেও তার জুটি শতরান ছাড়িয়েছে।

আমাদেরকাগজ/ এইচকে