স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা আইসিসি আয়োজিত কোনো আসরের শেষ চারের লড়াই থেকে এখন পর্যন্ত ১১ বার পা ফসকে ছিটকে যাওয়ার রেকর্ড রয়েছে পুরুষ ও নারী ক্রিকেটের। তবে ব্যর্থতার সেই গ্লানি মুছে নারী ক্রিকেটারদের হাত ধরে এবার দেশটি শিরোপা জয়ের থেকে আর মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে। প্রতিপক্ষ টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
রোববার,২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় কেপটাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে প্রথম শিরোপা জয়ের লক্ষ্য মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা এবারই প্রথম ফাইনালে খেললেও, এর আগে পাঁচবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে এবার ষষ্ঠবারের মতো শিরোপার লক্ষ্যে ফাইনালে উঠেছে অজিরা। সবশেষ ২০২০ সালে ভারতকে ৮৫ রানে হারিয়ে ফাইনাল জিতেছিল অস্ট্রেলিয়ার মেয়েরা। তাছাড়াও ২০১৮ সালের বিশ্বকাপের চ্যাম্পিয়ন ট্রফিটাও হাতে উঠেছিল অজিদের। তাই আজকের ফাইনাল জিতলে শিরোপা জয়ে দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করবেন অস্ট্রেলিয়ার মেয়েরা। দলটি এর আগেও ২০১০, ২০১২ ও ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতেছিল।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের প্রথম সেমিফাইনালে কেপটাউনে ২৩ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। টসে জিতে আগে ব্যাট করতে নেমে ব্যাথ মুনির অর্ধশতক ও মিডেল অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রানের বড় সংগ্রহ পেয়েছিল অজিরা। ফাইনালে উঠার লড়াইয়ে ১৭৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ৫ রানে হারে ভারত। দারুণ সেই জয়ে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে আরো এক ধাপ এগিয়ে যায় অস্ট্রেলিয়া।
অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালের দ্বৈরথে ২৪ ফেব্রুয়ারি কেপটাউনে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা। টসে জিতে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার লরা উলভার্ট ও তাজমিন ব্রিটসের অর্ধশতকে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রানের পুঁজি পায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ফাইনালে খেলার লক্ষ্যে ১৬৫ রান তাড়া করতে নেমে ম্যাচটিতে ৬ রানে হেরে যায় ইংলিশ মেয়েরা। দারুণ সেই জয় দক্ষিণ আফ্রিকার মেয়েদের সুযোগ করে দিয়েছে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নেওয়ার।
ক্রিকেট ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ১৯৯২ সালে ছেলেদের বিশ্বকাপ দিয়ে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল থেকে বাদ পড়ার মিছিল শুরু হয়। বিশ্বমঞ্চের সেবারের আসরে ইংলিশদের কাছে ১৯ রানে হেরেছিল তারা। এরপর ১৯৯৯ সালের বিশ্বকাপে অজিদের বিপক্ষে ড্র করে শেষ চার থেকে বিদায় নিতে হয়েছিল প্রোটিয়া ছেলেদের।
দুঃস্বপ্নকে পেছনে ফেলে দক্ষিণ আফ্রিকার মেয়েদের সামনে আজ ইতিহাস রচনার সুযোগকে কাজে লাগানোর দিন। ল্যান্স ক্লুসনার, জ্যাক ক্যালিস, ডি ভিলিয়ার্সরা যা করে দেখাতে পারেননি, ২০২৩ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে সেই স্বপ্নকে সত্যি করার সবচেয়ে উপযুক্ত দিন আজ। আজকের ফাইনালে জয় দিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা জিতে হেক্সা মিশন পূর্ণ করবে অজিরা নাকি প্রথমারের মতো শিরোপা জিতে দেশের মাটিতেই দক্ষিণ আফ্রিকার মেয়েরা রেখে দিবে । বিশ্বকাপের সোনালী ট্রফিটা কার? সব হিসেব-নিকেশের সমাধান মিলতে থাকবে আজ সন্ধ্যা ৭ টায় শুরু হওয়া ফাইনালের মধ্য দিয়ে।
আমাদেরকাগজ/ এইচকে






















