খেলাধুলা ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ০৮:২৯

মাশরাফীর সিলেটের সংগ্রহ মাত্র ১২৫

স্পোর্টস ডেস্ক : বিপিএলের গ্রুপ পর্বে মাশরাফি মর্তুজার নেতৃত্বে অসাধারণ খেলেছে সিলেট স্ট্রাইকার্স। সবার আগে শেষ চার ও কোয়ালিফায়ার নিশ্চিত করে দলটি। সবার আগে ফাইনালও নিশ্চিত করার সুযোগ ছিল তাদের। তবে কুমিল্লার বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে ১৭.১ ওভারে ১২৫ রানে অলআউট হয়েছে মাশরাফির সিলেট। 

বয়স পেরিয়ে গেছে ৩৯ বছর। তবুও ক্রিকেটের সবুজ গালিচায় যেন আরও অনেক কিছু দেওয়ার আছে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার। চলতি বিপিএলের মৌসুমে সিলেট স্ট্রাইকার্সকে নিয়ে একের পর এক জাদু দেখিয়ে যাচ্ছিলেন।

বল হাতেও বুড়ো হাড়ের ভেলকিতে মুগ্ধ করেছেন সবাইকে। এবার মাশরাফী ঝলক দেখিয়েছেন ব্যাট হাতে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে চলতি বিপিএলে ফাইনালে ওঠার লড়াইয়ে ব্যাট হাতে জাদু দেখিয়েছেন মাশরাফী।

ম্যাশ ১৭ বলে দুটি করে চার ও ছক্কায় ২৬ রানের ইনিংস খেলেন। তিনি দরকারি ইনিংস খেললেও তার দল অবশ্য বিপদ থেকে উঠতে পারেনি। ১১ ওভারের মধ্যে ৬ উইকেট হারিয়ে ৮০ রান তোলে সিলেট। নাজমুল শান্ত ২৯ বলে চারটি চার ও এক ছক্কায় ৩৮ রান করে ফিরে যান। 

কুমিল্লার হয়ে আন্দ্রে রাসেল ও মুস্তাফিজুর তিন ওভার করে হাত ঘুরিয়ে যথাক্রমে ২২ ও ২৫ রান দিয়ে তিনটি করে উইকেট নিয়েছেন। তানভির ইসলাম ৪ ওভারে ৩০ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। এছাড়া মঈন আলী, সুনীল নারিন ও মুকিদুল মুগ্ধ পেয়েছেন একটি করে উইকেট।

আমাদেরকাগজ/ এইচকে