খেলাধুলা ১৯ জানুয়ারি, ২০২৩ ০৯:০৭

সাকিব ৮৯-ইফতিখারের ১০০*, বরিশালের রানের পাহাড়

স্পোর্টস ডেস্ক : বন্দরনগরীতে ঝড় বইয়ে দিলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান আর মিডল অর্ডার ব্যাটার ইফতেখার আহমেদ। পাকিস্তানি তারকা ইফতেখার তো সেঞ্চুরিই করে ফেলেছেন। দুজন মিলে গড়লেন ১৯২ রানের অবিশ্বাস্য এক জুটি।

ইফতিখার সেঞ্চুরি করলেন মাত্র ৪৫ বলে। সাকিবও কম যাননি। ৪৩ বলে ৮৯ রানের এক দানবীয় ইনিংস খেলে অপরাজিত থাকেন। এই যুগলের ব্যাটে চড়ে রংপুর রাইডার্সের বিপক্ষে ৪ উইকেটে ২৩৮ রানের পাহাড় গড়েছে ফরচুন বরিশাল।

এটি যৌথভাবে বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। সর্বাধিক দলগত সংগ্রহ রংপুর রাইডার্সের। ২০১৯ সালে জহুর আহমেদেই চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে ৪ উইকেটে ২৩৯ করেছিল দলটি। এছাড়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্সেরও ২৩৮ (৪ উইকেটে ) রান আছে। সেটাও ২০১৯ সালের বিপিএলে, কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে। বৃহস্পতিবার টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লের মধ্যে ৪৬ রানেই ৪ উইকেট হারিয়ে বসেছিল ফরচুন বরিশাল। সেখান থেকে অবিশ্বাস্য জুটি সাকিব-ইফতিখারের। ৮৬ বলে ১৯২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা।

ইফতিখারের ৪৫ বলে ১০০* রানের ইনিংসে ছিল ৬টি চারের সঙ্গে ৯টি ছক্কার মার। ৪৩ বলে ৮৯ রান করতে সাকিব ৯টি বাউন্ডারির সঙ্গে হাঁকান ৬টি ছক্কা। তবে এমন রানবন্যার ইনিংসেও ভালো বোলিং করেছেন রংপুরের পেসার হাসান মাহমুদ। ৪ ওভারে ৩১ রান দিয়ে ২টি উইকেট নেন তিনি। হারিস রউফ ৪ ওভারে ৪২ রান দিয়ে নেন ২ উইকেট।