স্পোর্টস ডেস্ক : মাঠের ফুটবলে তিনি যেমনই হন না কেন, মাঠের বাইরে পরিবারই মেসির সব। সামাজিক যোগাযোগ মাধ্যম দেখলেই তা বোঝা যায়। বিশ্বকাপ জেতার পরেও দেখা গেল তেমন পরিস্থিতি, শিরোপা জিতে পরিবারের সঙ্গে উদযাপন করতে ভুললেন না আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি।
বিশ্বকাপ জেতার পরে গ্যালারিতে পরিবারের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করছিলেন মেসি। দেখে মনে হচ্ছিল, তিন ছেলেকে মাঠে ডাকছিলেন তিনি। কিছুক্ষণ পরেই ছেলেরা চলে যান মাঠে। তবে তার মা'ও নেমে আসবেন তা ভাবতে পারেননি মেসি।
তখন সতীর্থ ও দলের সাপোর্ট স্টাফদের সঙ্গে কুশল বিনিময়পর্ব সারছিলেন আর্জেন্টাইন জাদুকর। মাঠেই হেঁটে হেঁটে কথা বলছিলেন সবার সঙ্গে। মেসি যখন সবার সঙ্গে কথা বলছিলেন, তখন হঠাৎ পেছন থেকে এসে তার গায়ে স্পর্শ করেন মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি। মাকে দেখে এক মুহূর্তের জন্য সব ভুলে যান এই সময়ের সেরা ফুটবলার। বেশ কিছুক্ষণ মাকে জড়িয়ে ধরে রাখেন মেসি। সেই সময় তার কানে কিছু একটা বলছিলেন মারিয়া। মেসির উৎসবে এরপর সামিল হন তার তিন ছেলে মাতেও, থিয়াগো ও সিয়াও। তাদের আবেগঘন মুহূর্তের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল।
মেসির তিন ছেলে অবশ্য অনেকক্ষণ মাঠে ছিল। ট্রফি নিয়ে যখন গোটা দল উল্লাস করছে তখনও তাদের দেখা যায়। শুধু মেসির সন্তানরাই নয়, বাকি ফুটবলারদের সন্তানরাও মাঠে ছিলেন। একটা পরিবারের মতো জয় উপভোগ করছিলেন তারা।
আমাদেরকাগজ/ এইচকে






















