খেলাধুলা ১৫ ডিসেম্বর, ২০২২ ০৫:২৯

 বাংলাদেশের ফলো অন এড়াতে প্রয়োজন ৭২ রান

স্পোর্টস ডেস্ক : ভারতের ৪০৪ রানের জবাবে প্রথম ইনিংসে দেড়শর আগেই ৮ উইকেট হারিয়েছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ ১৩৩ রান। ফলো অন এড়াতে আরও ৭২ রান প্রয়োজন বাংলাদেশের।

ভারতের ৪০৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই ওপেনার নাজমুল শান্তর উইকেট হারায় বাংলাদেশ। স্কোরবোর্ডে কোন রান যোগ না করেই সাজঘরে ফিরে যান তিনি। এরপর দলীয় ৫ রানে আউট হন ওয়ান ডাউনে নামা ইয়াসির আলি। তার বিদায়ের পর ক্রিজে আসেন লিটন দাস।

অভিষিক্ত জাকির হাসানকে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। দলীয় ৩৯ রানে ৩০ বলে ২৪ রান করে আউট হন লিটন দাস। এরপর দ্রুতই আউট হন জাকির হাসান। দলীয় ৫৬ রানে ৪৫ বলে ২০ রান করে সাজঘরের পথ ধরেন তিনি।

এরপর দলীয় ৭৫ ও ৯৭ রানে সাকিব আল হাসান ও নূরুল হাসান আউট হলে ফলো অনে পড়তে যায় বাংলাদেশ। তাদের বিদায়ের পর দলীয় ১০২ রানে আরও দুই উইকেট হারায় বাংলাদেশ। ৫২ বলে ২৮ করে মুশফিক ও ৪ বলে রানের খাতা না খুলেই সাজঘরের পথ ধরেন তারা।

এরপর মেহেদী মিরাজ ও এবাদত হোসেন মিলে আর কোন বিপদ না ঘটিয়ে দিন শেষ করেন। মিরাজ ৩৫ বলে ১৬ ও এবাদত ২৭ বলে ১৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। ভারতের পক্ষে কুলদীপ যাদব ৪টি ও মোহাম্মদ সিরাজ নেন ৩টি উইকেট। ফলো অন এড়াতে বাংলাদেশের প্রয়োজন আরও ৭২ রান।    

আমাদেরকাগজ/ এইচকে