খেলাধুলা ১ ডিসেম্বর, ২০২২ ০১:২২

ছয় বলে পাঁচ ছক্কা খেলেন সাকিব

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: আবুধাবি টি-টেন লিগে বল হাতে বেদম মার খেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টাইগার তারকার এক ওভারে ৫ ছক্কায় ৩০ রান নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান।

শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল সাকিবের দল বাংলা টাইগার্স। পাকিস্তানি ইফতিখার আহমেদের ২১ বলে ৩ চার আর ৫ ছক্কায় ৫৪ রানের ইনিংসে ভর করে ১০ ওভারে ৭ উইকেটে ১০৮ রান তুলে তারা। সাকিব ব্যাট হাতে ৯ বলে ২ চার আর ১ ছক্কায় করেন ১৭।

১০৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ডেকান গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক নিকোলাস পুরান এদিন সাকিবের ওভারে হাঁকান ৫ ছক্কা। শেষ পর্যন্ত পুরানের ১৬ বলে ৫০ ও ক্যাডমোর ২১ বলে ৫০ রানে ভর করে ১০ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ডেকান।

ডেকানের ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন অধিনায়ক সাকিব। সেই ওভারের প্রথম তিন বলে তিন ছক্কা হাঁকিয়ে বসেন পুরান। চতুর্থ বলে অবশ্য ডট দেন সাকিব, তবে ওভারের বাকি দুই বলে আবারো দুই ছক্কা খেয়ে বসেন এই তারকা অলরাউন্ডার। ফলে এক ওভারে পাঁচ ছক্কায় মোট ৩০ রান খরচ করেন সাকিব।

সাকিবের বাংলা টাইগার্স লিগে ৬ ম্যাচ খেলে জিতেছে মাত্র দুটিতে। তারা আছে তালিকার সাত নম্বর অবস্থানে।

 

আমাদের কাগজ//টিএ