খেলাধুলা ৩০ নভেম্বর, ২০২২ ১০:০৪

 গোলশূন্য প্রথমার্ধ অস্ট্রেলিয়া-ডেনমার্কের

স্পোর্টস ডেস্ক: নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনায় থাকতে ডেনমার্কের সামনে জয়ের কোন বিকল্প নেই। শুরু থেকে গোলের জন্য মরিয়া চেষ্টা দেখা গেল তাদের মাঝে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিরতির আগে কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারল না ডেনিশরা।

আল জানোব স্টেডিয়ামে বুধবার বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের শেষ রাউন্ডে অস্ট্রেলিয়া-ডেনমার্কের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য স্কোরলাইনে। একই সময়ে শুরু অন্য ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে ফ্রান্স হার এড়ালে আর এখানে ড্র করলেই শেষ ষোলোয় উঠে যাবে অস্ট্রেলিয়া। দশম মিনিটে প্রথম ভালো সুযোগ পায় ডেনমার্ক। ডি-বক্সে ইয়েসপার লিন্ডস্ট্রোমের প্রচেষ্টা ঠেকিয়ে দেন অস্ট্রেলিয়ার মিডফিল্ডার অ্যারন মোই। দুই মিনিট পর দুরূহ কোণ থেকে মাথিয়াস ইয়েনসেনের শট কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক ম্যাট রায়ান।

১৯তম মিনিটে ইওয়াখিম মাহেলের প্রচেষ্টা অস্ট্রেলিয়ার ডিফেন্ডার হ্যারি সৌটারের পায়ে লেগে জালের দিকে যাচ্ছিল, বিপদমুক্ত করেন রায়ান। ২৫তম মিনিটে ডি-বক্সে আন্দ্রেয়াস স্কোউ ওলসেনের শটে জোর ছিল না তেমন, বল সহজেই ধরে ফেলেন গোলরক্ষক।

৪১তম মিনিটে দূর থেকে শটে চেষ্টা করেন অস্ট্রেলিয়ার মিচেল ডিউক। তবে গোলরক্ষক কাসপের স্মাইকেলকে পরীক্ষায় ফেলতে পারেননি তিনি।

আমাদেরকাগজ/ এএইচ