খেলাধুলা ৩০ নভেম্বর, ২০২২ ১০:৫৪

কাতার বিশ্বকাপ

আজ টিকে থাকার লড়াইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের গ্রুপপর্বে কঠিন সমীকরণের এক লড়াই মাঠে গড়াচ্ছে আজ (বুধবার)। ‘সি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হচ্ছে লাতিন পরাশক্তি আর্জেন্টিনা আর ইউরোপের পোল্যান্ড। দুই দলের জন্যই এই ম্যাচটি নকআউটে জায়গা করে নেওয়ার। স্টেডিয়াম ৯৭৪-এ বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে মহাগুরুত্বপূর্ণ এই লড়াই।

এই ম্যাচের জয়-পরাজয়ের ওপর গ্রুপের হিসেব-নিকেশ নির্ভর করছে অনেকটাই। সহজ করে বললে, যে দল এই ম্যাচে জিতবে তারা জায়গা করে নেবে নকআউটে। কিন্তু যদি ড্র হয়? ড্র করলেও পোল্যান্ড দ্বিতীয়পর্বে চলে যাবে, বিপদ বাড়বে আর্জেন্টিনার।

তবে ড্র হলেও সম্ভাবনা আছে, কিন্তু নিতান্ত ঠেকে না গেলে মেসিরা গ্রুপে দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে খেলতে চাইবেন না। ‘সি’ গ্রুপের সমীকরণ এমন একটা পর্যায়ে আছে; যেখানে পোল্যান্ড, আর্জেন্টিনা, সৌদি আরব কিংবা মেক্সিকো—সবারই সুযোগ আছে পরের রাউন্ডে যাওয়ার। ৪ পয়েন্ট পোল্যান্ডের। আর্জেন্টিনা ও সৌদির পয়েন্ট সমান ৩। মেক্সিকোর পয়েন্ট ১।

স্পোর্টস ডেস্ক:তীব্র চাপে স্বাভাবিক খেলাটাও অনেক কঠিন হয়ে যায়। পোল্যান্ডের কাছে হারলে শুধু আর্জেন্টিনারই বিদায় হবে না, যতি চিহ্ন পড়ে যাবে মেসির বিশ্বকাপ স্বপ্নেরও। যিনি বছরের পর বছর কোটি মানুষের প্রত্যাশার চাপ বয়ে বেড়িয়েছেন নীরবে, তাঁর বিদায় দিতে চান সতীর্থরাও। মেসির চাপ কমাতে তাঁর সতীর্থ ফুটবলাররা ‘সর্বস্ব ঢেলে দেওয়ার’ শপথই নিয়েছেন। গতকাল ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ যেমন বলেছেন, ‘স্রোত যেভাবে চলছে, সেভাবেই চলতে দেওয়া ভালো। কাঁধে বেশি চাপ নেওয়া চলবে না। বিশ্বকাপ আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ, সেটা আমরা জানি। আর্জেন্টিনার জার্সি গায়ে আমাদের সবটাই ঢেলে দিতে হবে।’

১৯৬৬ সালে প্রথম দেখা হয় আর্জেন্টিনা-পোল্যান্ডের। সবশেষ সাক্ষাৎ ২০১১ সালে, শেষের এই প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। বিশ্বকাপে অবশ্য গত ৪৪ বছরে দেখা হয়নি দুই দলের। আর্জেন্টিনা-পোল্যান্ড বিশ্ব আসরে পরস্পরের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে, একটি করে জয় দুই দলের। ১৯৭৪ আসরে ৩-২ গোলে জিতেছিল পোল্যান্ড। চার বছর পর ২-০ গোলে জেতে আর্জেন্টিনা।

লিওনেল স্কালোনির দলকে এবার অবশ্য বড় পরীক্ষাই দিতে হবে। বিশ্বকাপে সবশেষ তিন ম্যাচে একটি গোলও হজম করেনি পোল্যান্ড। এর মধ্যে চলতি কাতার বিশ্বকাপে প্রতিপক্ষের ২৭টি শট (৯টি অন টার্গেট) ফিরিয়ে জাল অক্ষত রেখেছে পোলিশরা।

১৯৮৬ সালের পর এবারই প্রথমবার গ্রুপপর্ব টপকে দ্বিতীয়পর্বে যাওয়ার হাতছানি পোল্যান্ডের সামনে। সেই সুযোগটা কি এত সহজে হাতছাড়া করতে চাইবেন লেভানদোভস্কিরা?

 

আমাদের কাগজ//টিএ