খেলাধুলা ১৫ নভেম্বর, ২০২২ ০৭:৩৫

আর্জেন্টিনাকে ফেভারিট মনে না করার কারণ জানালেন মেসি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ তথা পুরো বিশ্বজুড়ে আর্জেন্টিনার জনপ্রিয়তা বেশি এমনটায় মনে করেন ভক্তরা। শুধু তাই নয়, অনেক ফুটবলারও বলছেন এই বিশ্বকাপে আর্জেন্টিনা হবে ফেভারিট টিম। কিন্তু আর্জেন্টিনার অধিনায়ক মেসির কণ্ঠে যেন অন্য সুর।

মেসি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এবারের বিশ্বকাপের ফেবারিট ব্রাজিল, ফ্রান্স এবং ইংল্যান্ড। তার মতে, আর্জেন্টিনা ৩৫ ম্যাচে অপরাজিত এটা সত্য। কিন্তু ইউরোপের শীর্ষ পর্যায়ের দলের বিপক্ষে খেলে অপরাজিত নন তারা। 

মেসি তাই ‘অতি আত্মবিশ্বাস’ বা ‘ভুল আত্মবিশ্বাস’ নিয়ে বিশ্বকাপ খেলতে চান না। তার মতে, বাস্তবতা মেনে সামনে এগোতে হবে। এই বাস্তবতা মানা, ফেবারিট তকমা গায়ে না মাখাও অবশ্য আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা তারকার কৌশল। তিনি স্বীকার করেছেন, ‘ফেবারিট হাইপের ফাঁদে’ পা দিতে চান না। 

ইউনিভার্সো ভালদানোকে মেসি বলেছেন, ‘আজকের দিনে প্রতিটি জাতীয় দলই কঠিন। যেকোন দলকে হারানো কঠিন। আমাদের এই অপরাজিত থাকার (৩৫ ম্যাচে) যাত্রায় ইউরোপের দলের সঙ্গে তেমন খেলার সুযোগ হয়নি। তারা অবশ্য আমাদের (ল্যাতিন দল) বিপক্ষে খেলতেও চায় না।’ 

ধাপে ধাপে এগোতে চান জানিয়ে মেসি বলেছেন, ‘ফাইনালে যাওয়ার মতো ফর্ম আছে আমাদের। কিন্তু আমরা ফেবারিট এবং বিশ্বকাপ জিতবো এই বিশ্বাস আকড়ে ধরে হাইপের ফাঁদে পা দিতে চাই না। আমাদের বাস্তবতা মানতে হবে। ধাপে ধাপে এগোতে হবে।’

এদিকে বিশ্লেষকরা আলবিসেলেস্তেদের ফেবারিট বলছেন পাঁচটি কারণে। একটা দল হিসেবে খেলছে তারা। মেসির নেতৃত্বে নিরঙ্কুশ সমর্থন আছে দলের সকলের। দলটিতে লিওনেল মেসির মতো ইনফর্ম, অভিজ্ঞ এবং বিশ্বের সেরা ফুটবলার আছেন। কোচ লিওনেল স্কালোনি পরিকল্পনা, কৌশলের দিক থেকেও বেশ আধুনিক এবং দলটি ৩৫ ম্যাচে অপরাজিত। 


আমাদেরকাগজ/এইচএম