স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার কাছে ১০৪ রানের লজ্জার হার হারলো বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ছুড়ে দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬.৩ ওভারে ১০১ রানেই গুটিয়ে গেছে সাকিবদের ইনিংস।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম থেকেই বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হন প্রোটিয়া ব্যাটাররা। রাইলি রুশোর অনবদ্য সেঞ্চুরি এবং ডি ককের হার না মানা ব্যাটিংয়ে ভর করে ২০৫ রানের সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। বড় টার্গেট তাড়া করতে নেমে এলোমেলো ব্যাটিংয়ে বড় ব্যবধানে হারই সঙ্গী বাংলাদেশের।
প্রথম ওভারে ১৭ আর পরের ওভারে ৯, ২ ওভার শেষে বাংলাদেশের বোর্ডে ছিল ২৬ রান। কিন্তু এমন ভালো শুরু ধরে রাখতে পারেনি টাইগাররা। সৌম্য আউট হয়েছেন তৃতীয় ওভারেই। অ্যানরিচ নরকিয়াকে অ্যাক্রোস দ্য লাইন খেলে উইকেটরক্ষকের গ্লাভসে ধরা পড়েছেন সৌম্য (৬ বলে ২ ছক্কায় ১৫)।
এরপর নাজমুল হোসেন শান্তও ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ৯ বলে ৯ রান করে নরকিয়ার ওই ওভারেই বোল্ড হয়েছেন বাঁহাতি এই ব্যাটার। সাকিব হন নরকিয়ার তৃতীয় শিকার। ৪ বলে ১ রান করে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন টাইগার দলপতি।
সিডনির ব্যাটিং সহায়ক পিচেও পাওয়ার প্লে’টা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ভুলভাল শটে সাজঘরে ফেরেন টপঅর্ডারের চার ব্যাটার। ৬ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৪৭ রান।
উইকেট আটকাতেই যেন মেহেদি হাসান মিরাজকে প্রমোশন দিয়ে ছয় নম্বরে পাঠানো হয়। তিনিও সুবিধা করতে পারেননি। ১৩ বলে ১১ করে তাবরেজ শামসিকে তুলে মারতে গিয়ে ডিপ লং অফে ক্যাচ হন এই অলরাউন্ডার। কেশভ মহারাজকে দুই পা এগিয়ে মারতে গিয়ে স্টাম্পিং মোসাদ্দেক হোসেন (০)। ছ্ক্কা মারতে গিয়ে ২ করে ফেরেন নুরুল হাসান সোহানও। ৭৬ রানে ৭ উইকেট হারিয়ে হার নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। লিটন দাস তবু একটা প্রান্ত ধরে পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা করছিলেন। ১৪তম ওভারে তাকেও সাজঘরের পথ দেখিয়ে দেন তাবরেজ শামসি। স্কয়ার লেগ বাউন্ডারিতে ক্যাচ হন ৩১ বলে একটি করে চার-ছক্কায় ৩৪ করা লিটন। এরপর আর বেশিদূর এগোতে পারেনি টাইগাররা।
দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন অ্যানরিচ নরকিয়া। ১০ রানে ৪ উইকেট শিকার করেন তিনি। ৩টি উইকেট পান তাবরেজ শামসি।
এর আগে শেষ ৫ ওভারে বেশ ভালো বোলিং করেছে বাংলাদেশ। ৩০ রান দিয়ে তুলে নিয়েছে ৩ উইকেট। কিন্তু রাইলি রুশোর সেঞ্চুরিতে ঠিকই রানপাহাড়ে চড়ে বসেছে দক্ষিণ আফ্রিকা। ৫ উইকেটে ২০৫ রান তুলেছে টেম্বা বাভুমার দল।
আমাদেরকাগজ/এইচএম






















