স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাটিং বাংলাদেশ। দুই বাঁ-হাতি সৌম্য সরকার ও নাজমুল শান্ত ওপেনিং করবেন। তিন পেসার নিয়ে খেলছে টাইগাররা। একাদশে আছেন মুস্তাফিজুর রহমান। পার্ট টাইম বোলার হিসেবে মোসাদ্দেক ও সৌম্যকেও বোল করতে হবে।
টস জিতে ফিল্ডিং নেয়া সম্পর্কে নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেন, ‘প্রথম রাউন্ডজুড়ে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি। সেটা হলো, আমাদের দলটা রান তাড়া ভালোই করতে পারে। তারওপর এখানকার আবহাওয়াও একটা বড় কারণ। এ কারণেই আমরা চিন্তা করেছি, টস জিতলে ফিল্ডিং নেবো। এখন আমরা লড়াই করতে চাই এবং কিছু ম্যাচও জিততে চাই।’
বাংলাদেশ ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে নেদারল্যান্ডস। রোয়েলফ ফন ডার মারউই রয়েছেন ইনজুরিতে। তার পরিবর্তে খেলবেন শারিজ আহমাদ। এছাড়া টিম ফন ডার গুটেনের পরিবর্তে খেলবেন লোগান ফন বিক।
সাকিব বলেছেন, ‘আমরা হয়তো অস্ট্রেলিয়ায় একটু দেরিতে এসেছি। কিন্তু নিউজিল্যান্ডে আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। পেসররা ভালো করছে, তারা অনেক উন্নতি করেছে। আমার পারফরম্যান্স ছাড়াও দলে আসা তরুণদের কীভাবে নেতৃত্ব দেই সেটাও গুরুত্বপূর্ণ।’
ম্যাচে সাকিব নিজের দায়িত্ব নিয়ে বলেন, ‘আমার ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। শুধু পারফরম্যান্সই নয়, কিভাবে দলটা পরিচালনা করি, সেটাও। আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে, যারা সিনিয়রদের দিকে তাকিয়ে থাকে। তবে, জিততে হলে আমাদের সবাইকেই সমান পারফর্ম করতে হবে।’
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, নাজমুল শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, ইয়াসির রাব্বি, নুরুল হাসান, মোসাদ্দেক, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ওডড, বিক্রমজিৎ সিং, ডি লিডে, কলিন আকারম্যান, টম কুপার, স্কট এডওয়ার্ড, টিম পিঙ্গেল, লরগান ভ্যান বিক, শারিজ আহমেদ, ফ্রেড ক্লাসেন, পল ভ্যান মিকিরেন।
আমাদের কাগজ//টিএ






















