স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নেদারল্যান্ডসের বিপক্ষে আগামীকাল মাঠে খেলতে নামছে বাংলাদেশ।ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সোমবার (২৪ অক্টোবর) সকাল ১০টায়। এ ম্যাচে যেমন হতে পারে টাইগারদের একাদশ।
শুরুতে ওপেনিং প্রসঙ্গেই যদি বলতে হয়, তাহলে লিটন দাসের নাম আসবে। লিটন দাসের ওপেনিংয়ে নামার সম্ভাবনা কম, সেটা সাংবাদিকদের প্রতি সাকিবের ‘লিটন ওপেন করলেই কী আমরা জিতব’ প্রশ্ন থেকেই কিছুটা আন্দাজ করে নেয়া যায়। তবে কোন জুটি খেলতে নামবে এই পজিশনে? উত্তর হতে পারে সৌম্য সরকার-নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজ কিংবা শান্ত-মিরাজ জুটি। টিম ম্যানেজমেন্ট কোন জুটির ওপর আস্থা রাখবে? মিরাজ আফগানিস্তানের বিপক্ষে টেস্ট মেজাজে ব্যাট করেছেন, তিনি আবার মেক-শিফট ওপেনারদের একজন। সেই হিসেবে মিরাজ বাদ পড়তে পারেন একাদশ থেকে, টিম বেছে নিতে পারে সৌম্য-শান্ত জুটিকে।
ব্যাটিং অর্ডার অনুযায়ী পরের ক্রমটা হতে পারে এমন: ইয়াসির আলি চৌধুরী রাব্বি, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত। বাকি থাকে আর তিনটি স্থান। দলে স্পিন অলরাউন্ডার থাকায় অস্ট্রেলিয়ার মতো উইকেটে সেই স্থানগুলোতে যে পেসাররাই বসবেন, সেটা তো অনুমেয়-ই। প্রশ্ন হলো: মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেনের মধ্যে কোন তিনজন পেসার বাছাই করবে বাংলাদেশ?
খারাপ সময় গেলেও মুস্তাফিজুর রহমানের মতো কার্যকরী পেসার এখনও বাংলাদেশ দলে নেই বলেই বিশ্বাস ক্রিকেট বিশ্লেষকদের। ডেথ ওভারেও তো ফিজের বিকল্প পায়নি বিসিবি। যে কারণে তাকে একাদশে রাখতেই চাইবে টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলি, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ/শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আমাদেরকাগজ/এইচএম






















